নয়া জামানা, খড়িবাড়ি: খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ এলাকার পাহাড়গুমিয়া চা বাগানে একটি খোলা কুয়োর ভিতরে চিতাবাঘ পড়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। চা বাগানের নন্দভিটা এলাকায় ঘটনাটি ঘটে।
দুপুরে চা বাগানের শ্রমিকরা কুয়োর ভিতরে চিতাবাঘটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে বাগান কর্তৃপক্ষ দ্রুত পশ্চিমবঙ্গ বনদফতর-এর ঘোষপুকুর রেঞ্জের সঙ্গে যোগাযোগ করে।
খবর পেয়ে বনদফতরের বিশেষ উদ্ধারকারী দল এবং এডিএফও রাহুল দে মুখার্জি ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এরপর কুয়োর ভিতরে সিঁড়ি ও বিশেষ জাল নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টার টানটান উত্তেজনার পর অবশেষে চিতাবাঘটিকে নিরাপদে কুয়ো থেকে উদ্ধার করতে সক্ষম হন বনকর্মীরা।
উদ্ধার অভিযানে টুকরিয়াঝাড়, বাগডোগরা ও ঘোষপুকুর রেঞ্জের পাশাপাশি এলিফ্যান্ট স্কোয়াডের বিশেষ দল অংশ নেয়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, খোলা কুয়োতে জল খুঁজতে গিয়েই চিতাবাঘটি অসাবধানতাবশত পড়ে যেতে পারে। দীর্ঘ সময় কুয়োর ভিতরে আটকে থাকায় প্রাণীটির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
এডিএফও রাহুল দে মুখার্জি জানান, প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে খোলা কুয়ো ঢেকে রাখার জন্য স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিয়েছে বনদফতর।