নয়া জামানা ডেস্ক : কলকাতা থেকে কোচবিহার, বৃহস্পতিবার দুপুরে সায়ানাইড আর আরডিএক্সের আতঙ্কে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের একাধিক কেন্দ্রীয় সরকারি দপ্তর। ইমেলে দাবি করা হয়েছে, দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটবে। মুহূর্তের মধ্যে খালি করে দেওয়া হয় পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে শুরু করে প্রধান ডাকঘরগুলি। সাধারণ মানুষ এবং কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পাওয়ামাত্রই পুলিশ ও বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।
সংশ্লিষ্ট ইমেলে সরাসরি হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ‘সায়ানাইড ও আরডিএক্স রাখা আছে! কর্মীদের সরিয়ে নিয়ে যাও।’ এই বার্তার পরেই উত্তরবঙ্গের বালুরঘাট থেকে দক্ষিণের কাঁথি, সর্বত্র তীব্র চাঞ্চল্য ছড়ায়। কলকাতা, কাটোয়া, নদিয়া, হাওড়া, আসানসোল এবং কোচবিহারের অফিসগুলিতেও একই হুমকি পৌঁছায়। পুলিশি প্রহরায় এলাকা ঘেরাও করে চলছে চিরুনি তল্লাশি। যদিও প্রাথমিক তদন্তে এখনও সন্দেহজনক কিছু মেলেনি।
এর আগেও রাজ্যের একাধিক আদালতে আরডিএক্স রাখা আছে বলে একই কায়দায় হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সেই সময় পুলিশি তল্লাশিতে আপত্তিকর কিছু উদ্ধার না হলেও প্রশাসন বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। লালবাজারের নগরপাল সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিজি পীয়ূষ পাণ্ডে এবং মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। উৎসবের আবহে বারবার এমন বোমাতঙ্কে রীতিমতো উদ্বিগ্ন নবান্ন। কারা এই ইমেল পাঠাচ্ছে, তার উৎস সন্ধানে নেমেছে সাইবার সেল। প্রতীকী ফটো ।