নয়া জামানা, খড়িবাড়ি: চাকরির লোভ দেখিয়ে নতুন স্কুটি ও মোটা অঙ্কের বেতনের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি ব্যাটারিচালিত স্কুটি কোম্পানির বিরুদ্ধে। এই ঘটনায় খড়িবাড়ি ও নকশালবাড়ি এলাকার অন্তত ৫৪ জন যুবক-যুবতী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অভিযোগ, প্রায় দু’বছর আগে ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন দুধগেট এলাকায় ওই কোম্পানি শাখা খোলে। তিন মাস আগে কর্মী নিয়োগের নামে নতুন স্কুটি ‘পুরস্কার’ ও আকর্ষণীয় বেতনের আশ্বাস দেওয়া হয়। শুরুতে কয়েকজনের অ্যাকাউন্টে বেতন জমা পড়লেও পরে দেখা যায়, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসিক ইএমআই কাটা হচ্ছে।
প্রতারিতদের দাবি, কর্মী নিয়োগের আড়ালে তাঁদের নামে স্কুটি লোন করানো হয়েছে। বিষয়টি জানাজানি হতেই তাঁরা খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ দুধগেট শাখার ম্যানেজার আরিয়ান সিংকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে পুরো চক্রের তদন্ত চলছে।
আরও পড়ুন-
সন্দীপের নামে ইডির প্রথম চার্জশিট. বিপাকে ‘হুইসেল ব্লোয়ার’ আখতারও