নয়া জামানা:দীর্ঘ দেড় বছরের বিরতির পর অবশেষে একদিনের ক্রিকেটে ফিরছেন হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন সিরিজের জন্য জোড়া স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর সেই তালিকায় জ্বলজ্বল করছে দেশের অন্যতম সেরা পেস-বোলিং অলরাউন্ডারের নাম।পন্ডিচেরিতে আয়োজিত হতে চলা এই দ্বিপাক্ষিক সিরিজে প্রথমে দু’টি মাল্টি-ডে ম্যাচ, তারপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা হবে। সীমিত ওভারের দলে জায়গা পেলেও মাঠে নামার আগে হার্দিককে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে।২০২৫ সালের মার্চে দেশের হয়ে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন হার্দিক। চোট-আঘাতের কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বিশেষ নজর দিতে হয়েছে তাঁকে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে চলা ওয়ান ডে বিশ্বকাপের আগে এই ম্যাচগুলি তাঁর জন্য একপ্রকার অ্যাসিড টেস্ট, যেখানে তাঁর পারফরম্যান্সের দিকে কড়া নজর রাখবেন জাতীয় নির্বাচকরা।বোর্ডের বিবৃতি অনুযায়ী, নির্বাচক কমিটি পন্ডিচেরিতে দু’টি মাল্টি-ডে ও তিনটি ওয়ান ডে ম্যাচের জন্য ইন্ডিয়া এ স্কোয়াড বেছে নিয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে মাল্টি-ডে সিরিজ এবং ৬ অক্টোবর থেকে ওয়ান ডে সিরিজ শুরু হবে।নেতৃত্বে তারুণ্যের ছাপ স্পষ্ট। মাল্টি-ডে দলে অধিনায়ক দেবদত্ত পাড়িকল, সহ-অধিনায়ক সাই সুদর্শন। ওয়ান ডে দলের অধিনায়কত্বে ঋতুরাজ গায়কোয়াড়, সহ-অধিনায়ক দেবদত্ত। দুই দলেই সুযোগ পেয়েছেন কুমার কুশাগ্র।ওয়ান ডে স্কোয়াডে হার্দিক ছাড়াও রয়েছেন প্রিয়াংশ আর্য, রজত পাটিদার, নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, আর্শাদ খানসহ একঝাঁক তরুণ ক্রিকেটার, যাঁরা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন।
আরও পড়ুন: