নয়া জামানা, খড়িবাড়ি: সশস্ত্র সীমা বল (এসএসবি)-র ৮ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকার জনকল্যাণে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ২০২৬-২৭ অর্থবর্ষের নাগরিক কল্যাণ কর্মসূচির (সিএপি) আওতায়, কমান্ড্যান্ট পি. ভি. সামির নির্দেশনায় খড়িবাড়ির ফুলগড়ি হাইস্কুলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে ফুলগড়ি হাইস্কুল ও পলংবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য ডাস্টবিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১০ জন এসএসবি কর্মী, ১৯ জন শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ৪৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত সকলকে পরিচ্ছন্নতা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সুস্থ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতন করা হয়। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, যেমন—‘নেশামুক্ত ভারত অভিযান’, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘জল শক্তি অভিযান’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অন্যদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এসএসবি-র উদ্যোগে একটি যোগাভ্যাস শিবিরেরও আয়োজন করা হয়। বাহিনীর কর্মকর্তা ও জওয়ানরা এতে অংশ নিয়ে তাড়াসন, ভুজঙ্গাসন, বজ্রাসন, অনুলোম-বিলোম এবং সূর্যনমস্কারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগব্যায়াম ও প্রাণায়াম অনুশীলন করেন। এসএসবি সূত্রে জানানো হয়েছে, এই ধরনের উদ্যোগের ফলে সীমান্তবর্তী এলাকার শতাধিক গ্রামবাসী উপকৃত হবেন এবং এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: