নয়া জামানা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার শিক্ষাঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করে শিলদা চন্দ্রশেখর কলেজ এবং কাপগাড়ী সেবা ভারতী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রণত টুডু। একই দিনে এলাকার দুই ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির শীর্ষে তাঁর আগমনকে ঘিরে স্থানীয় শিক্ষানুরাগী ও ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা গিয়েছে।
শিলদা কলেজে আয়োজিত আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ পর্বে বিধায়ককে স্বাগতম জানান কলেজের অধ্যক্ষ ড. সুশান্ত কুমার দোলুই ও উপাধ্যক্ষ ড. সুজাতা তেওয়ারি। উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। নতুন দায়িত্ব গ্রহণ করে ডাঃ প্রণত টুডু স্পষ্ট জানান, এলাকার শিক্ষার্থীদের গুণগত শিক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নই হবে তাঁর মূল লক্ষ্য। পঠনপাঠনের পরিবেশ উন্নত করার পাশাপাশি কলেজের সমস্ত ক্ষেত্রে মানোন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন বলে আশ্বাস দেন।
একই সঙ্গে কাপগাড়ী কলেজের পরিচালন সমিতির দায়িত্বভার গ্রহণ করে তিনি দুই কলেজের সামগ্রিক বিকাশ ও প্রশাসনিক কাজ আরও সুসংহত করার প্রতিশ্রুতি দেন। ঝাড়গ্রামের মতো জঙ্গলমহল এলাকায় শিক্ষার প্রসারে এই দুই কলেজের ভূমিকা অপরিসীম। বিধায়কের মতো যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তির হাতে এই দুই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির দায়িত্ব যাওয়ায় আগামী দিনে কলেজ দুটির শিক্ষাগত মান ও পরিকাঠামো আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা।