নয়া জামানা,মালদা:গ্রামের স্কুল মানেই পিছিয়ে থাকা এই চেনা ধারণাকেই যেন নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিল আড়াইডাঙ্গা কাজী নজরুল একাডেমি মিশন।জাতীয় স্তরের অঙ্ক প্রতিযোগিতা থেকে অঙ্কন দুই ক্ষেত্রেই পড়ুয়াদের নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত মিশন কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।
কলকাতা মাইন্ড মান্ত্রা এবাকাস-এর পরিচালনায় আয়োজিত ন্যাশনাল বিগেস্ট ম্যাথ কম্পিটিশন-এর সিটি রাউন্ডে অংশ নিয়ে দুর্দান্ত ফল করেছে আড়াইডাঙ্গা কাজী নজরুল একাডেমি মিশনের পড়ুয়ারা।পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতাতেও একাধিক পড়ুয়ার সাফল্য নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। শহরের নামী প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের এই শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের এমন ফলাফলই প্রমাণ করছে সুযোগ ও সঠিক প্রশিক্ষণ পেলে প্রতিভার বিকাশে গ্রামের মাটিও কোনও অংশে পিছিয়ে নেই।
শুধু পড়াশোনা নয়,মেধা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই নিয়মিত নানা শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে আসছে এই প্রতিষ্ঠান।অঙ্কের প্রতি ভয় কাটিয়ে যুক্তিবোধ ও দ্রুত চিন্তাশক্তি বাড়ানোর পাশাপাশি ছবি আঁকার মাধ্যমে পড়ুয়াদের সৃজনশীল প্রতিভাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।এই মিশনের মোট ১৪৫ জন ছাত্র-ছাত্রী পুরস্কার পেয়েছে।আড়াইডাঙ্গার পুখুরিয়ারএই মিশনে বর্তমানে ভর্তি প্রক্রিয়া চলছে।পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত শুধুমাত্র ছাত্রীদের আবাসিক বিভাগে ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে।
গ্রামের বুক থেকেই সাফল্যের নতুন গল্প আড়াইডাঙ্গা কাজী নজরুল একাডেমি মিশনের এই জয় যেন সেই বার্তাই দিচ্ছে।এ বিষয়ে মিশনের কর্ণধার,প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক
আব্দুল সালাম জুয়েল জানান,এটা পরিশ্রমের ফল,ছাত্রছাত্রীরা ভালো প্রস্তুতি নেওয়াই এত ভালো ফলাফল হয়েছে।
আরো পড়ুন:
জল জীবন মিশনে বড় অগ্রগতি, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশ্বাস মুখ্যমন্ত্রীর