বাপ্পা রায় || নয়া জামানা || শিলিগুড়ি: শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত রাখার জোরালো দাবি তুলল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পূজা রাম এবং প্রদেশ সম্পাদক দীপ দত্ত। বৈঠকে শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি, ছাত্ররাজনীতি, এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এবিভিপি-র পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের রাজনৈতিক রং, দলীয় প্রভাব বা হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি জায়গা হওয়া উচিত যেখানে ছাত্রছাত্রীরা নিরপেক্ষ ও স্বাধীন পরিবেশে পড়াশোনা করতে পারে এবং নিজেদের মতামত গড়ে তুলতে পারে। শিক্ষার মূল উদ্দেশ্য যেন কোনওভাবেই রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাহত না হয়, সেই বিষয়েও জোর দেওয়া হয়।
সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে সংগঠনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই তাদের মূল লক্ষ্য। নেতৃত্বের বক্তব্য, ছাত্রদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে গেলে সংগঠনের বিস্তার অত্যন্ত জরুরি।
এছাড়াও, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার দাবিও জোরালোভাবে তোলা হয়। এবিভিপি-র দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের নির্বাচন হওয়া উচিত, যাতে ছাত্ররাই নিজেদের নেতৃত্ব নির্ধারণ করতে পারেন। এর ফলে শিক্ষাঙ্গনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক চর্চা আরও মজবুত হবে বলে তারা মনে করে।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে, শিক্ষাঙ্গনে কোনও ধরনের দাদাগিরি, সন্ত্রাস বা অত্যাচার বরদাস্ত করা হবে না। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুস্থ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবিভিপি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।