সুজিত দত্ত,নয়া জামানা বর্ধমান : পূর্ব বর্ধমানের দ্বিতীয় দফার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বর্ধমানে পৌঁছন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার । বিকেলে জেলা প্রশাসন, রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। তার আগে বর্ধমান শহরের ১৬ নম্বর ওয়ার্ডের মীরছবা এলাকায় গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নির্বাচনী পরিবেশের খোঁজখবর নেন।
জেলা প্রশাসনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জেলাশাসক শ্বেতা আগরোয়াল এর কাজের প্রশংসা করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রশাসন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দ্বিতীয় দফার ভোটে শহরাঞ্চলের কেন্দ্র বেশি থাকায় জনঘনত্ব ও অলিগলির বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বাইক টহলের মাধ্যমে এলাকা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদার করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে জানান তিনি। জেলা শাসকের কার্যালয় থেকে সরাসরি নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে অতিরিক্ত ক্যামেরা বসানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ কিউআরটি বা ক্যুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। প্রতি ১০টি বুথের জন্য একটি করে দল থাকবে, যাদের কাছে সংশ্লিষ্ট এলাকার মানচিত্র ও জরুরি যোগাযোগের তথ্য থাকবে, যাতে অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ভোটের দিন কড়া নিরাপত্তা বলবৎ থাকবে বলেও জানান তিনি। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা সামগ্রী নিয়ে কেন্দ্রে ঢোকা যাবে না।
তিনি আরও বলেন, জেলাশাসক ও পুলিশ সুপার ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছেন। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
রাজনৈতিক মহলের মতে, দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে পূর্ব বর্ধমানের প্রশাসনিক তৎপরতা ভোটারদের মধ্যে আস্থা আরও বাড়াবে।