প্রদীপ কুন্ডু, নয়া জামানা, জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা জোরদার করতে তৎপর রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। সেই নজরদারির মধ্যেই বড়সড় সাফল্য পেল বাহিনী। বুধবার রাতে আনুমানিক ৭টা ০৫ নাগাদ জলপাইগুড়ি সংলগ্ন রেলপথে নর্থইস্ট এক্সপ্রেস-এর জেনারেল কামরায় রুটিন তল্লাশি চালিয়ে ১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, যাত্রীদের সন্দেহজনক আচরণ নজরে আসতেই আরপিএফ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরিচয়পত্র খতিয়ে দেখার সময় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাদের আটক করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তারা জানিয়েছে, আগরতলা সীমান্তের একাধিক দুর্বল পয়েন্ট ব্যবহার করে দালাল চক্রের সহায়তায় বারবার অবৈধভাবে ভারতে প্রবেশ করত। সীমান্ত পার হওয়ার পর এই চক্রই তাদের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করত বলে দাবি।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ধৃতদের মধ্যে কয়েকজন কাজের সন্ধানে ভিনরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করছিল। তাদের কাছ থেকে একাধিক জাল আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের মতে, ভুয়ো নথি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছিল।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন রিপন গাজী, মহম্মদ মনজিৎ, মহম্মদ রসুল শেখ, মহম্মদ বেল্লাল হোসেন, মহম্মদ কমল শেখ, লালি বেগম, রুকসানা বেগম, শেফালী বেগম, সাবিনা আক্তার কোহিনুর, রেজিনা আখতার, মনীষা, মহম্মদ নুনবি শেখ, জাসমিন শেখ ও রিফাত শেখ।
ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি গোটা দালাল চক্রের শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে আরপিএফ। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ও রেলপথে নজরদারি আরও কঠোর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে সুরক্ষা বাহিনী।