নয়া জামানা ৷৷ উত্তরবঙ্গ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৪ মার্চ একদিনেই উত্তরবঙ্গের তিন গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, নকশালবাড়ি ও ময়নাগুড়ি—এই তিন কেন্দ্র ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়ছে।
আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র প্যারেড গ্রাউন্ড-এ অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর মেগা জনসভা। প্রস্তুতিতে কোনও খামতি না রাখতে ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল ও জেলা তৃণমূল নেতৃত্ব। সভামঞ্চের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং হেলিপ্যাডের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন জেলার পুলিশ সুপার।
একই দিনে দার্জিলিং জেলার নকশালবাড়িতেও তৃণমূলের প্রথম বড় জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। মাটিগাড়া–নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয় মাঠ-এ আয়োজিত এই সভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সভাস্থলে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। শনিবার প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনার, দার্জিলিং জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অন্যদিকে ময়নাগুড়িতেও একই দিনে মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে। ময়নাগুড়ি বাইপাস সংলগ্ন টাউন ক্লাব ময়দান-এ এই সভার আয়োজন করা হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, জেলা প্রশাসন, পুলিশ আধিকারিকরা এবং তৃণমূলের মনোনীত প্রার্থী রামমোহন রায় সহ একাধিক নেতৃত্ব। হেলিপ্যাড, সভামঞ্চ ও নিরাপত্তা পরিকাঠামো ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা।
সব মিলিয়ে, নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৃণমূলের এই তিন মেগা জনসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভোটের ময়দানে বড় বার্তা দিতে চাইছে শাসক দল।