নয়া জামানা, খড়িবাড়ি: নেপালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ৭২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হল ভারত–নেপাল সীমান্ত। আগামী ৫ মার্চ নেপালে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই কারণে মঙ্গলবার থেকে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী আগামী ৬ মার্চ সকাল থেকে সীমান্তে স্বাভাবিক যাতায়াত পুনরায় চালু হওয়ার কথা।
সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের সাধারণ নাগরিকদের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পাশাপাশি আপাতত বন্ধ হয়ে গিয়েছে ব্যবসা-বাণিজ্যও। তবে জরুরি পরিষেবা হিসেবে অ্যাম্বুলেন্স চলাচল চালু রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
পানিট্যাঙ্কি সীমান্তের বাণিজ্য মূলত নেপালের নাগরিকদের ওপর নির্ভরশীল। ফলে আচমকা সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি-র সম্পাদক দীপক চক্রবর্তী জানান, নির্বাচনের কারণে কিছুটা ক্ষতি হবেই। তবে আগেরবারের তুলনায় ক্ষতির পরিমাণ কম হতে পারে। তার উপর হোলি উৎসবের কারণে এমনিতেই বাজারে মন্দা চলছে।
এদিকে সীমান্ত বন্ধের সময় বহু যাত্রী দুই প্রান্তেই আটকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে সীমান্ত গেটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নেপালের নির্বাচনী প্রক্রিয়া ও নতুন সরকার গঠনের দিকে নজর রেখে আপাতত অপেক্ষায় রয়েছেন সীমান্ত এলাকার ব্যবসায়ীরা।