নয়া জামানা: সরকার গঠনের তিন মাসও পেরোয়নি তার মধ্যেই বিহার-এর রাজনীতিতে জোর জল্পনা। মুখ্যমন্ত্রীর আসন ছাড়তে পারেন দীর্ঘদিনের শাসক নীতীশ কুমার। তাঁকে রাজ্যসভার প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক মহলের মতে, সক্রিয় রাজনীতি থেকে ধীরে ধীরে তাঁকে সরিয়ে দেওয়ার কৌশলই নিচ্ছে গেরুয়া শিবির।দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার জোট বদলের জন্য সমালোচিত হয়েছেন নীতীশ। কখনও জাতীয় গণতান্ত্রিক জোট, কখনও বিরোধী মহাজোট ক্ষমতা টিকিয়ে রাখতে শিবির পরিবর্তন তাঁর পুরনো অভ্যাস। কিন্তু এবার নিজের ইচ্ছায় নয়, বরং দলের সিদ্ধান্তেই সরে যেতে হচ্ছে বলে মত বিশ্লেষকদের। শারীরিক অসুস্থতার কারণেও তিনি আগে থেকেই কম সক্রিয় ছিলেন।সূত্রের খবর,রাজ্যসভার মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।নির্বাচিত হলে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তেই হবে। সেই পরিস্থিতিতে নতুন মুখের খোঁজে শাসকদল।উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী-র নাম সবচেয়ে এগিয়ে। পাশাপাশি নীতীশ-পুত্র নিশান্তকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এই ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, শরিকদের সরিয়ে দিয়ে একক দখলদারির রাজনীতিই চালায় গেরুয়া দল।
সব মিলিয়ে, বিহারে ফের এক দফা ক্ষমতার অঙ্ক কষা শুরু। বদলের হাওয়া কোন দিকে বইবে এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।