নয়া জামানা, কলকাতা : আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আপাতত চার্জগঠন স্থগিত রইল। বুধবার শিয়ালদহ সিবিআই বিশেষ আদালতে এই প্রক্রিয়ায় সাময়িক বিরাম পড়ল। মামলার মূল অভিযুক্তদের অন্যতম তথা হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এদিন আদালত থেকে অব্যাহতির আবেদন জানান। তবে সিবিআই সেই আবেদনের কড়া বিরোধিতা করেছে। দীর্ঘ টানাপোড়েনের পর আদালত আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। আদালত সূত্রে খবর, আজ আলিপুর সিবিআই আদালত-২ এর বিচারক বিশেষ প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় মামলাটি সিবিআই আদালত-১-এ স্থানান্তরিত হয়। শুনানি শুরু হতেই আখতার আলির আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। পাল্টা হলফনামা জমা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, দুর্নীতির শিকড় অনেক গভীরে, তাই এখনই অব্যাহতি দেওয়া সম্ভব নয়। দু’পক্ষের সওয়াল-জবাবের জেরে এদিন আর চার্জগঠন প্রক্রিয়া এগোতে পারেনি। উল্লেখ্য, আর জি কর হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে প্রথম সরব হয়ে ‘হুইসল ব্লোয়ার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন এই আখতার আলিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই হাইকোর্টের নির্দেশে সিবিআই ও ইডি তদন্ত শুরু করে এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে গ্রেফতার করা হয়। কিন্তু তদন্ত যত এগোয়, খোদ অভিযোগকারীর বিরুদ্ধেই আর্থিক নয়ছয়ে জড়িত থাকার প্রমাণ পায় কেন্দ্রীয় সংস্থা। দীর্ঘ টালবাহানা ও আদালতের কড়া নির্দেশের পর অবশেষে আত্মসমর্পণ করেন আখতার। বর্তমানে অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে। সন্দীপ ঘোষের সঙ্গে তিনিও এখন শ্রীঘরের স্থায়ী বাসিন্দা।