নয়া জামানা, শিলিগুড়ি: উত্তরবঙ্গে আদিবাসী সমাজের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে। আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবমতম সম্মেলন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব-এ এক সাংবাদিক বৈঠকে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু এই তথ্য জানান। তিনি বলেন, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার সন্তোষিণী হাইস্কুল মাঠেই এই দুই দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরিবেশ সুরক্ষা ও বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে রাষ্ট্রপতির হাত দিয়ে শাল গাছ রোপণেরও কর্মসূচি রয়েছে।
এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওঁরাও-সহ দেশ-বিদেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। সম্মেলনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সৌম্যজিৎ রায় এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলের সদস্যরা।
আদিবাসী সমাজের সংরক্ষণ, ভাষা, সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গত বছর অসমে এই সম্মেলন অনুষ্ঠিত হলেও এবছর প্রথমবার উত্তরবঙ্গের মাটিতে এত বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানান, দেশ-বিদেশের গবেষক ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেবেন এবং রাষ্ট্রপতির হাত দিয়েই আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা হবে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফাঁসিদেওয়া জুড়ে কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।
আরও পড়ুন-
বিশ্ব মঞ্চে জামা খুলে বিক্ষোভ কংগ্রেসের, ‘দুর্বল বিচারবুদ্ধি’ বললেন বাবুল সুপ্রিয়