নয়া জামানা, কলকাতা : দ্রুত নিয়োগের দাবিতে ফের রণক্ষেত্র হয়ে উঠল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। বুধবার কয়েকশ অঙ্গনওয়াড়ি কর্মী সুপারভাইজার পদে পদোন্নতির দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে।বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে প্রমোশনাল সুপারভাইজার পদের জন্য ১৭১৩টি শূন্যপদ নির্ধারণ করে দেয়। কিন্তু সেই রায়ের এক বছর পার হতে চললেও এখনও পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৫২ জন প্রার্থী নিয়োগপত্র পাননি। আন্দোলনকারীদের ক্ষোভ, ভুল নোটিফিকেশনের দায় কেন প্রার্থীদের ওপর চাপানো হচ্ছে?আন্দোলনকারী মমতা প্রতিহার বলেন, “আমরা আজ প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে এসেছি। বারবার ভুল নোটিফিকেশন নিয়ে প্রশ্ন করলে আমাদের পাল্টা প্রশ্ন করা হচ্ছে—আমরা কেন পরীক্ষা দিলাম? ভুল কর্তৃপক্ষের, কিন্তু সাজা পাচ্ছি আমরা।” তিনি আরও জানান, অনেক চাকরিপ্রার্থীর বয়স ইতিমধ্যেই ৫০ পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় নিয়োগ না হলে তাঁরা চিরতরে বঞ্চিত হবেন। ১৭১৩টি শূন্যপদে নিয়োগের রায় কার্যকর না হওয়া।১১৫২ জন যোগ্য প্রার্থী নিয়োগের অপেক্ষায়।প্রার্থীদের বয়স ৫০ পেরিয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা।ভুল নোটিফিকেশন সংশোধনে দীর্ঘসূত্রিতা।এদিন বিকেল পর্যন্ত বিক্ষোভকারীরা বিকাশ ভবনের সামনে অনড় থাকেন। তাঁদের সাফ কথা, পর্যাপ্ত শূন্যপদ ও যোগ্যতা থাকা সত্ত্বেও কেন এই বঞ্চনা? দ্রুত নিয়োগ নিশ্চিত না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন-
বিশ্ব মঞ্চে জামা খুলে বিক্ষোভ কংগ্রেসের, ‘দুর্বল বিচারবুদ্ধি’ বললেন বাবুল সুপ্রিয়