সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম : বীরভূমের তারাপীঠ থানার খামেড্ডা গ্রামে ভিক্ষা চাইতে এসে চুরির চেষ্টার অভিযোগ ঘিরে বুধবার সকালেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১টা নাগাদ দুই মহিলা একটি ছোট শিশুকে সঙ্গে নিয়ে গ্রামে ভিক্ষা চাইতে আসে। অভিযোগ, তারা গ্রামবাসী বেদানা বিবির বাড়িতে গিয়ে দেখে সে সময় বাড়িতে কেউ নেই। সেই সুযোগেই অভিযুক্তদের মধ্যে একজন বাড়ির তালা খুলে ভিতরে ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে তার সঙ্গী, যাকে স্থানীয়রা নাবালিকা বলে দাবি করেছেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে নজর রাখছিল বলে জানা গেছে।কিছুক্ষণ পর বাড়ির মালিক বেদানা বিবি বাড়ি ফিরে এসে বিষয়টি টের পান। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন এবং প্রতিবেশীদের খবর দেন। মুহূর্তের মধ্যেই এলাকাবাসী জড়ো হয়ে যায়। পরে ঘরের ভিতরে থাকা মহিলাকে আটক করে তারাপীঠ থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
ধৃতের দাবি, তারা পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে ভিক্ষা করতে এসেছে। বাড়ির মালিকের অভিযোগ, ঘর থেকে কোনও জিনিসপত্র খোয়া যায়নি। তবে সময়মতো বাড়ি ফিরে আসায় বড় ধরনের চুরির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন গ্রামবাসীরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।
আরও পড়ুন-
পুলিশের নাগালে বাইক চুরির দল! গ্রেপ্তারসহ উদ্ধার পাঁচটি মোটরবাইক