নয়া জামানা:পানমশলার বিজ্ঞাপন ঘিরে বিতর্কে এবার মুখ খুললেন অজয় দেবগন ও টাইগার শ্রফ।নিষিদ্ধ তামাকজাত পণ্যের পরোক্ষ প্রচারের অভিযোগে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) যে শোকজ় নোটিস পাঠিয়েছিল তার জবাব দিয়েছেন দুই বলিউড তারকা। একই অভিযোগে নোটিস পাঠানো হয়েছিল শাহরুখ খানকেও।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘বিমল ইলাইচি’-র বিজ্ঞাপন। FDA-র অভিযোগ, এলাইচির নাম সামনে রেখে আসলে নিষিদ্ধ পানমশলা ও তামাকজাত পণ্যের পরোক্ষ প্রচার করা হচ্ছে।এই ধরনের বিজ্ঞাপনকেই বলা হয় ‘সারোগেট অ্যাডভার্টাইজ়িং’। অর্থাৎ সরাসরি নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন না করে একই ব্র্যান্ডের অন্য কোনও তুলনামূলক নিরীহ পণ্যের নাম ব্যবহার করে প্রচার চালানো।
মহারাষ্ট্রে তামাক বা নিকোটিনযুক্ত পানমশলা ও গুটখার উৎপাদন, পরিবহণ, মজুত এবং বিক্রি নিষিদ্ধ। সেই কারণেই তারকাদের বিজ্ঞাপনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে FDA।জানা গিয়েছে, অজয় দেবগনের জুহুর বাড়ি, শাহরুখের বান্দ্রার ‘মন্নত’ এবং টাইগার শ্রফের প্রযোজনা সংস্থার ঠিকানায় নোটিস পাঠানো হয়েছিল।FDA-র বক্তব্য, সন্তোষজনক ব্যাখ্যা না মিললে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ প্রমাণিত হলে খাদ্য সুরক্ষা আইন, ২০০৬-এর ৫৩ ধারায় সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।পাশাপাশি বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।তারকাদের ঝলমলে বিজ্ঞাপনের আড়ালে সত্যিই কি নিষিদ্ধ পণ্যের প্রচার? সেই প্রশ্নেই এখন নজর বলিউডের দিকে।