নয়া জামানা:একের পর এক ছবিতে প্রত্যাশিত সাফল্য নেই। বক্স অফিসে সেই পুরনো ঝলকও যেন উধাও। কিন্তু তাতে কী! বলিউডের আলো-ঝলমলে দুনিয়া থেকে আপাতত খানিকটা দূরে সরে বরুণ ধাওয়ানের মন পড়েছে খেতের মাটিতে। জমি কিনেছিলেন, এবার সেখানেই নেমে পড়লেন চাষাবাদে। হাতে কোদাল,জমিতে চারা তারকার এমন ‘কৃষক অবতার’ দেখে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই নেটপাড়ায় উড়েছে কটাক্ষের ঝড়।
কয়েক দিন আগেই খেত কেনার খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছিল-‘বলিউডে কাজ নেই?’ এবার সেই জমিতেই চাষ করতে নেমে যেন জবাব দিলেন অভিনেতা।সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন বরুণ। ছবিতে কখনও কোদাল হাতে জমি তৈরি করতে দেখা যাচ্ছে তাঁকে, কখনও আবার চারা পুঁতছেন। খেতের মাঝেই দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন অভিনেতা।
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখেন বরুণ। এরপর ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদলাপুর’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘দিলওয়ালে’, ‘ভেড়িয়া’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ছবির সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি বছর ‘বর্ডার ২’ নিয়েও অভিনয় ঘিরে নেটমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
আর এবার খেতের ছবিই হয়ে উঠল নতুন বিতর্কের খোরাক। অনুরাগীরা বরুণের মাটির কাছাকাছি থাকার মানসিকতার প্রশংসা করলেও নিন্দুকেরা ছাড়েননি সুযোগ। কেউ লিখেছেন, ‘বলিউডে কাজ কি কমে গিয়েছে?’ কারও প্রশ্ন, ‘পরের সিনেমা কবে?’ আবার সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি কটাক্ষ—‘সাদা জামায় চাষ করছেন, অথচ কাদার একটাও ছিটে নেই কেন?’
ছবি ঘিরে তাই প্রশ্ন একটাই—বলিউডের নায়ক কি এবার সত্যিই খেতের নায়ক? নাকি এও শুধুই ক্যামেরার সামনে তারকার নতুন অবতার? উত্তর অবশ্য বরুণই দেবেন,তবে আপাতত নেটপাড়ায় তাঁর কোদাল-কাহিনি জমজমাট।