নয়া জামানা, কলকাতা : রাজ্যে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ‘কুরুচিকর’ মিম ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করা হতে পারে। আশ্চর্যের বিষয় হলো, এই নিয়ে নির্দিষ্ট কোনো অভিযোগ জমা না পড়লেও স্বতঃপ্রণোদিত হয়েই সক্রিয় হয়েছে কমিশন। আগামী বুধবার দ্বিতীয় দফার মহারণ। এই দফায় সবচেয়ে হাই-প্রোফাইল কেন্দ্র ভবানীপুর, যেখানে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। ভোটের লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছেন দুই পক্ষই। সম্প্রতি চক্রবেড়িয়ার সভায় বিজেপি’র প্রচার ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ ওঠে, মমতার সভার পাশেই মাইক বাজিয়ে প্রচার শুরু করে বিজেপি। ক্ষুব্ধ মমতা সেখানে ‘অসভ্যতামির’ অভিযোগ তুলে কয়েক মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘বিপত্তি’। এরপর রবিবার সেই এলাকায় পদযাত্রাও করেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাই যে তাঁদের একমাত্র লক্ষ্য, তা ফের স্পষ্ট করে দিয়েছে কমিশন। সেই সূত্রেই উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ বেআইনি সরঞ্জাম। এবারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত রাজ্য থেকে উদ্ধার হয়েছে ৪৮ লক্ষ ৪৬ হাজার ১৮৩ লিটার মদ। ২০২১ সালের বিধানসভা ভোটে মদ উদ্ধারের পরিমাণ ছিল প্রায় ৪১ কোটি টাকা, যা এবার কয়েক গুণ বেড়ে গিয়েছে। একইভাবে মাদক দ্রব্য উদ্ধারের গ্রাফও ঊর্ধ্বমুখী। গতবার ১৩৬ কোটি টাকার মাদক মিললেও এবার তা ৩৩৯ কোটি টাকায় পৌঁছেছে। বুধবার রাজ্যের ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে শহর থেকে জেলা— সর্বত্রই নাকা তল্লাশি চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা। কমিশনের কড়া নজরদারিতে মদ ও মাদক বাজেয়াপ্ত করার অঙ্কটা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ভিডিয়ো নিয়ে কমিশনের এই তৎপরতা রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।
মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে ‘বাবরি যাত্রা’, দুই ফুলকে সরাতে মিম-হুমায়ুন জোট
| মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে | বিধানসভা ভোটে |