মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক নাবালিকার। বৃহস্পতিবার ইসলামপুর থানার আটঘরিয়া এলাকার দলঞ্চা নদীতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃত নাবালিকার নাম মনিকা টুডু (৯)। তার বাড়ি ইসলামপুর থানার খেকিডাঙি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আরও দুই নাবালিকার সঙ্গে দলঞ্চা নদীতে স্নান করতে গিয়েছিল মনিকা। স্নান করার সময় আচমকাই সে নদীর গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা দুই নাবালিকা চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।এরপর স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে তল্লাশি শুরু করেন এবং পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করে। তবে ডুবুরি দল পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় নদী থেকে মনিকার নিথর দেহ উদ্ধার করা হয়।ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।