তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এক রোগীর নাতনিকে লিফটে নামার সময় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।অভিযোগ, ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত মানুষজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে আটক করেন।এরপর উত্তেজিত জনতার একাংশ অভিযুক্তকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তাকে সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, থানায় নিয়ে যাওয়ার পথেও কিছু ব্যক্তি পুলিশের উপস্থিতিতেই অভিযুক্তকে মারধর করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি উদয় শংকর ব্যানার্জি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা অনেকেরই এখনও উপলব্ধি করা প্রয়োজন যে আইনের শাসনই সর্বাগ্রে প্রাধান্য পাবে। যে-ই দোষী হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: