নয়া জামানা ডেস্ক : বাংলার মসনদে কে? তৃণমূল না বিজেপি? টানটান উত্তেজনার মধ্যে ভোটগণনার শুরুতে বড়সড় অঘটন ভবানীপুরে। ঘরের মাঠে পিছিয়ে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ১৫৫৮ ভোটে এগিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু ভবানীপুর নয়, নিজের কেন্দ্র নন্দীগ্রামেও দাপট বজায় রেখেছেন তিনি। সেখানে দ্বিতীয় রাউন্ডের শেষে শুভেন্দু এগিয়ে ৩১০০ ভোটে। গোটা দেশের নজর এখন বাংলার এই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে। ফলতা বাদে আজ ২৯৩টি আসনের ভোটগণনা চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে’ ফলতার ভোট বাতিল হয়েছে। সেখানে ফের ভোট ২১ মে। আজ সকালেই নজরে ছিল হেভিওয়েট প্রার্থীরা। ডায়মন্ড হারবারে এগিয়ে গিয়েছে বিজেপি। পাশাপাশি ঘাটাল, ডেবরা, মেদিনীপুর, বালুরঘাট ও মালদহে পদ্ম শিবিরের হাওয়া জোরালো। তবে স্বস্তিতে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, তিনি এই মুহূর্তে লিড নিচ্ছেন। ঘাসফুল শিবির এগিয়ে মোথাবাড়ি, কোচবিহার দক্ষিণ, হাওড়া মধ্য এবং ফরাক্কায়। জেলায় জেলায় লড়াই দিচ্ছে বামেরাও। ডোমকলে দ্বিতীয় দফার শেষে ২৮১৪ ভোটে এগিয়ে সিপিএমের মোস্তাফিজুর রহমান রানা। জলঙ্গিতেও ১৮০০ ভোটে এগিয়ে কাস্তে-হাতুড়ি শিবির। নদিয়ার শান্তিপুরে ৬০০ ভোটে লিড নিয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাস। সাগরদিঘিতে অবশ্য ৭৫৪ ভোটে এগিয়ে শাসকদল। সবং ও খণ্ডঘোষেও ঘাসফুল শিবিরের আধিপত্য দেখা যাচ্ছে। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও কি পদ্ম ফুটবে, নাকি মমতা ম্যাজিকেই আস্থা রাখবে বাংলা, তার উত্তর মিলবে বিকেলের মধ্যেই। আপাতত শুভেন্দুর জোড়া লিড তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
ফাঁসিদেওয়ায় দ্বিতীয় রাউন্ডেই বিজেপির বড় লিড, দূর্গা মূর্মূ এগিয়ে ১০ হাজারে