নয়া জামানা, কলকাতা : অবিশ্বাস্য প্রত্যাবর্তন কাকে বলে, তা দেখালেন সঞ্জু স্যামসন। কয়েক দিন আগেও যাকে রিজার্ভ বেঞ্চের অবিচ্ছেদ্য অংশ মনে করা হচ্ছিল, সেই সঞ্জুর চওড়া ব্যাটে ভর করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল। ১৯৫ রান তাড়া করতে নেমে ৯৭ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলে অপরাজিত থাকেন সঞ্জু। ভারতের এই জয় কেবল সেমিফাইনালের টিকিট নয়, বরং ১০ বছর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার মধুর প্রতিশোধও বটে।টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। রস্টন চেজ (৪০) এবং শিমরন হেটমায়ারের (২৭) ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ শক্ত ভিত তৈরি করে। তবে মাঝপথে জসপ্রীত বুমরাহ জোড়া ধাক্কা দিয়ে ক্যারিবিয়ানদের রাশ টানেন। কিন্তু শেষ দিকে রভম্যান পাওয়েল (৩৪) এবং জেসন হোল্ডারের (৩৭) ঝোড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে বুমরাহ ও হার্দিক উইকেট পেলেও অর্শদীপ এবং বরুণ চক্রবর্তীর শেষ দিকের ওভারগুলো যথেষ্ট ব্যয়বহুল।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ওপেনার অভিষেক শর্মার অফ-ফর্ম অব্যাহত। ১১ বলে মাত্র ১০ রান করে আউট হন তিনি। ফিল্ডিংয়েও সহজ ক্যাচ ফেলে দলকে ডুবিয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। তিন নম্বরে নেমে ঈশান কিশনও (১০) বেশিক্ষণ টেকেননি। ৫৩ রানে ২ উইকেট হারিয়ে যখন ধুঁকছে ভারত, তখন ত্রাতা হিসেবে অবতীর্ণ হন সঞ্জু স্যামসন। অধিনায়ক সূর্যকুমারের (১৮) সঙ্গে জুটি বেঁধে ইনিংস গড়ার কাজ শুরু করেন তিনি।সঞ্জু এদিন খেলছিলেন সম্পূর্ণ ভিন্ন মেজাজে। মাত্র ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তিলক বর্মার (২৭) সঙ্গে তাঁর পার্টনারশিপ ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। চাপের মুখেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে ক্লিনিক্যাল ব্যাটিং উপহার দেন কেরালা পুত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে রান তাড়া করতে নেমে বিরাট কোহলির করা সর্বোচ্চ ৮২ রানের রেকর্ডটি ভেঙে আজ নতুন ইতিহাস গড়লেন তিনি।শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে মাঠ ছাড়ার সময় সঞ্জুর নামের পাশে জ্বলজ্বল করছিল ৫০ বলে ৯৭ রান (১২টি চার ও ৪টি ছক্কা)। শতরান থেকে মাত্র ৩ রান দূরে থাকলেও তাঁর এই ইনিংসটি যে কোনও সেঞ্চুরির চেয়েও বেশি দামি। জয়ের পর ইডেনের ঘাসে হাঁটু মুড়ে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি।আগামী বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যাচ জিতলেও গৌতম গম্ভীর এবং থিঙ্কট্যাঙ্কের কপালে চিন্তার ভাঁজ রাখছে অভিষেক শর্মার ফর্ম এবং দলের ফিল্ডিং ব্যর্থতা।