নয়া জামানা, কলকাতা: মঙ্গলবার রাত ৯টা নাগাদ এক শক্তিশালী কম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) সূত্রে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার। রিখটার স্কেলে সেখানে কম্পনের মাত্রা ছিল ৬। মায়ানমারের পাশাপাশি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, কলকাতা বা পার্শ্ববর্তী জেলায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড়সড় সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
মঙ্গলবার রাতে হঠাৎই দুলতে শুরু করে তিলোত্তমার বহুতল থেকে শপিং মল। সেই সময় মধ্য কলকাতার ই-মলে কেনাকাটা করছিলেন ভদ্রেশ্বরের বাসিন্দা স্বপন ঘোষ। আতঙ্কের মুহূর্ত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ মনে হল সব কিছু দুলছে। চারিদিকে হইচই পড়ে যায়, অনেকে প্রাণভয়ে মলের বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসেন।” কেবল কলকাতাই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কম্পন অনুভূত হওয়ায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
উল্লেখ্য, এই নিয়ে গত ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প হল ভারতে। সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪.৬ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। যদিও সেই ঘটনাতেও কোনও হতাহতের খবর ছিল না। মঙ্গলবার রাতের এই ঘটনাটি রাজ্যের মানুষকে গত বছরের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে নেপালের লোবুচে এলাকায় হওয়া ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং নভেম্বর মাসে বাংলাদেশের নরসিংদী কেন্দ্রিক ভূমিকম্পেও কেঁপে উঠেছিল কলকাতা-সহ গোটা বাংলা।