নয়া জামানা, কলকাতা : রাজ্য বিধানসভার আসন্ন অন্তর্বর্তী বাজেট অধিবেশনের নির্ঘণ্ট বদলে যাওয়ায় মন্ত্রিসভার বিশেষ বৈঠকের দিনক্ষণও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা ছিল। মূলত রাজ্য সরকারের অন্তর্বর্তিকালীন বাজেটে মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন নেওয়ার জন্যই এই বৈঠক ডাকা হয়। নবান্ন সূত্রে খবর, অধিবেশন শুরুর তারিখ ৩১ জানুয়ারির বদলে ৩ ফেব্রুয়ারি হয়ে যাওয়ায় এবং একই দিনে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের কর্মসূচি থাকায় পূর্বঘোষিত সূচিতে বদল আসতে পারে।
নবান্নের একটি সূত্র জানাচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। ফলে ওই দিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সাধারণত বাজেট পেশের ঠিক আগেই মন্ত্রিসভার সায় নেওয়া দস্তুর। বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ করবে রাজ্য সরকার। এটি হবে সপ্তদশ বিধানসভার শেষ বাজেট। বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক সেরে নিতে চাইছে প্রশাসন।
বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠক ডাকা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে আয়োজিত ওই বৈঠকেই বাজেট অধিবেশনের চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। স্পিকারের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখেই মন্ত্রিসভার বৈঠকের নতুন সময় জানাবে নবান্ন। ৩ ফেব্রুয়ারি শোকপ্রস্তাবের পর বিধানসভা মুলতবি হয়ে যাবে। ৪ ফেব্রুয়ারি শবেবরাতের ছুটি থাকায় কোনো অধিবেশন বসবে না। ফলে ৫ তারিখ বাজেট পেশের পর আলোচনার জন্য সময় থাকছে অত্যন্ত কম। মাঝখানে শনি ও রবিবার বাদ দিলে হাতে থাকে মাত্র দুই কর্মদিবস।
অধিবেশনের কাজের চাপ সামাল দিতে বাজেট পর্বের মেয়াদ ৯ ফেব্রুয়ারি ছাড়িয়ে আরও কয়েক দিন বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাড়তি দিনগুলোতে এসআইআর সংক্রান্ত বিষয় এবং ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে প্রস্তাব এনে আলোচনার সম্ভাবনা রয়েছে। মূলত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই সংক্ষিপ্ত অধিবেশনকে ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি। মন্ত্রিসভার অনুমোদনের পর মুখ্যমন্ত্রী কীভাবে বাজেটের অভিমুখ ঠিক করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ফাইল ফটো।