নয়া জামানা,কলকাতা : বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুটি বুথে ফের ভোটগ্রহণের দাবিতে সরব হলেন সিপিএম প্রার্থী আফরিন বেগম। শনিবার এই মর্মে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। ভোটপ্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং ইভিএম ও স্ট্রং রুম সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন বামপ্রার্থী। কমিশনের কাছে পাঠানো ইমেলে আফরিন স্পষ্ট জানিয়েছেন, ৬৬ নম্বর ওয়ার্ডের ১২৬ ও ১৬৫ নম্বর বুথে নিয়ম মেনে নির্বাচন হয়নি। তাই ওই দুই কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া প্রয়োজন।
আফরিনের মূল অভিযোগের তির অকেজো ওয়েবকাস্টিংয়ের দিকে। তাঁর দাবি, ভোটের দিন ওই দুই বুথে ওয়েবকাস্টিং ব্যবস্থা সম্পূর্ণ অচল ছিল। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে আফরিন বলেন, ‘ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোনও বুথে ওয়েবকাস্টিং ২০ মিনিটের বেশি সময় ধরে ব্যাহত বা বন্ধ থাকলে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পবিত্রতা রক্ষার জন্য পুনঃভোটের আদেশ দিতে হবে।’ তিনি আরও জানান, যদি পুনর্নির্বাচন সম্ভব না হয়, তবে ‘উভয় বুথের ভোটগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ও অপরিবর্তিত ওয়েবকাস্টিং ভিডিয়ো ফুটেজ আমাদের দলকে সরবরাহ করতে হবে, যাতে তা যাচাই করা যায় এবং কোনও ধরনের অসদাচরণ ঘটেনি তা নিশ্চিত করা যায়।’ কমিশনকে দেওয়া চিঠিতে সিপিএম প্রার্থী উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট বুথগুলিতে তাঁদের কোনও পোলিং এজেন্টও ছিলেন না। ওয়েবকাস্টিং বন্ধ থাকা এবং এজেন্টের অনুপস্থিতি— এই দুইয়ের জেরে ভোটের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। সেক্টর অফিসার থেকে কন্ট্রোল রুম, সর্বত্র জানিয়েও ফল মেলেনি বলে তাঁর দাবি। ভোটারদের আস্থা ফেরাতে কমিশন দ্রুত পদক্ষেপ করবে বলেই আশা রাখছেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী। এখন দেখার, এই অভিযোগ খতিয়ে দেখে কমিশন কী সিদ্ধান্ত নেয়। ছবি সংগৃহিত।
ই-রিকশায় বুথে শুভেন্দু, ‘পরিবর্তন আনুন’ বার্তার সঙ্গেই তৃণমূলকে কড়া আক্রমণ