নয়া জামানা ডেস্ক : নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান ও উদ্দাম নাচের অভিযোগে সরব হল জোড়াফুল শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের নালিশ জানিয়ে নির্বাচন কমিশনকে কড়া চিঠি লিখলেন ডেরেক ও’ব্রায়েন। অভিযুক্তদের শোকজ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে শাসকদল। গত রবিবার দুপুরে বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর নেতৃত্বে বিজেপির একটি মিছিল পবিত্রর বাড়ির সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। মিছিলে থাকা বিজেপি কর্মীরা তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। ভাইরাল হওয়া একটি ভিডিওর প্রসঙ্গ টেনে তৃণমূল দাবি করেছে, মিছিলে এক বিজেপি কর্মীকে প্রকাশ্যেই মদ্যপান করতে দেখা গিয়েছে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন পবিত্র কর। তৃণমূলের দাবি, কোনও প্রমাণ ছাড়াই একজন প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ভোটারদের ভয় দেখানো হয়েছে। এতে অবাধ ও নিরপেক্ষ ভোটদানের পরিবেশ নষ্ট হয়েছে, যা বিএনএস-এর ১৭১ ধারায় অপরাধ। চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিজেপির এই আচরণ নির্বাচনী গরিমা ক্ষুণ্ণ করেছে। অবিলম্বে শুভেন্দু অধিকারী-সহ সংশ্লিষ্ট বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তৃণমূল। আপাতত বল কমিশনের কোর্টে।