সামির হোসেন ৷ নয়া জামানা ৷ দিনহাটা: দিনহাটা–২ ব্লকের অন্তর্গত কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ প্রতীক্ষিত নতুন সিসি রাস্তা নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হল। মঙ্গলবার এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দাসটারি প্রাইমারি স্কুল থেকে কুটিবাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সিসি রাস্তা নির্মাণের পাশাপাশি রাস্তার পাশে বাউন্ডারি প্রোটেকশন কাজও করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ বলেন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দূর করতে পরিকল্পিতভাবেই নতুন রাস্তা ও সেতু নির্মাণ করা হচ্ছে। কিশামত দশগ্রাম অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি টেকসই সিসি রাস্তার। সেই দাবি পূরণ করতে পেরে সরকার খুশি বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনহাটা–২ ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিভাস অধিকারী, কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রিঙ্কু রায়, দিনহাটা–২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য, কিশামত দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্জুন বর্মন সহ পঞ্চায়েত সদস্য, দলীয় নেতৃত্ব ও স্থানীয় বিশিষ্টজনেরা। তাঁদের উপস্থিতিতে কাজের সূচনা হওয়ায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্প অনুযায়ী এই সিসি রাস্তা ও বাউন্ডারি প্রোটেকশন কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৯৭ লক্ষ ৫৫ হাজার ৯৭১ টাকা ৯৮ পয়সা। কাজটি রাজ্য সরকারের অধীনস্থ ডাব্লিওবিএসআরডিএ-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বর্ষাকালে কাঁচা রাস্তার কারণে স্কুল পড়ুয়া, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হত। নতুন সিসি রাস্তা তৈরি হলে দাসটারি প্রাইমারি স্কুলে যাতায়াত যেমন সহজ হবে, তেমনই কুটিবাড়ি ও আশপাশের এলাকার মানুষজন সারা বছর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। পাশাপাশি কৃষিজ পণ্য পরিবহন ও জরুরি পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রেও বড় সুবিধা মিলবে বলে মনে করছেন তাঁরা।
এলাকাবাসীদের মতে, এই প্রকল্প শুধু একটি রাস্তা নির্মাণ নয়, বরং কিশামত দশগ্রাম অঞ্চলের সামগ্রিক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় গ্রামজুড়ে খুশির হাওয়া বইছে এবং দ্রুত কাজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষজন।
আরও পড়ুন-
সরকারি জমিতে তৃণমূল কর্মীর বাড়ি! অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রশাসনে, ঘটনাস্থলে পুলিশ