নয়া জামানা, কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মার্চ মাসেই কলকাতায় বড়সড় ব্রিগেড সমাবেশের পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি। এই মেগা সমাবেশের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সল্টলেকের বিজেপি দপ্তরে আয়োজিত কোর কমিটির বৈঠকে এই রণকৌশল স্থির করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব এবং রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।ব্রিগেড সমাবেশের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, একে সফল করতে দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোন থেকে ‘রথযাত্রা’ শুরু করবে গেরুয়া শিবির। দোলযাত্রার ঠিক পরেই এই কর্মসূচি শুরু হবে এবং রথগুলি বিভিন্ন জেলা ঘুরে শেষমেশ ব্রিগেড সমাবেশে এসে মিলিত হবে। পরীক্ষার মরশুম শেষ হলেই মার্চের প্রথম সপ্তাহ থেকে মোদি ও অমিত শাহের একাধিক জনসভা শুরু হবে বঙ্গে। কলকাতা জোনের জন্য ব্রিগেডকেই বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর একটি বড় জনসভার পরিকল্পনা রয়েছে।নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে চলতি মাসের মধ্যেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চায় রাজ্য বিজেপি। জেলাগুলি থেকে প্রতিটি আসনের বিপরীতে অন্তত তিনটি করে নাম চাওয়া হয়েছে। ২৯৪টি আসনের এই তালিকা রাজ্য স্তরে স্ক্রিনিং বা ‘কাটাছেঁড়া’ করার পর দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নিজস্ব এজেন্সির মাধ্যমে করা সমীক্ষায় প্রাপ্ত নামগুলোর সাথে জেলা থেকে আসা নামগুলি মিলিয়ে দেখা হবে। এরপরই চূড়ান্ত সিলমোহর দেবে দিল্লি। মনে করা হচ্ছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা শুরু হতে পারে।এদিন বৈঠকে শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর মতো নেতারা উপস্থিত থাকলেও, শুভেন্দু অধিকারী অন্য কর্মসূচির কারণে কিছু সময় পরেই বৈঠক ত্যাগ করেন।
আরও পড়ুন-