নয়া জামানা, কলকাতা : ভোটের ফল ঘোষণার ক্ষণগণনা শুরু হতেই চড়ছে পারদ। নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্য রাজনীতিতে কার্যত বিস্ফোরণ ঘটালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলায় এবার পরিবর্তনের হাওয়া নিশ্চিত এবং বিজেপিই সরকার গড়তে চলেছে। ফলতার ঘটনাকে নির্বাচনের ‘ব্ল্যাকস্পট’ বলে চিহ্নিত করে তৃণমূলের নীতি ও অস্তিত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচনী আবহে ফলতার অশান্তি নিয়ে শুরু থেকেই সরব গেরুয়া শিবির। এদিন সেই সুর আরও চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ফলতা হচ্ছে এই নির্বাচনের ব্ল্যাকস্পট। এত কড়াকড়ির মধ্যেও মানুষকে ভয় দেখানো হয়েছে, ধমকানো হয়েছে। ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।’ তাঁর অভিযোগ, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করতে গেলে তাঁদের কপালে জুটেছে হুমকি। তবে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, পুনর্ভোটের হিসাব দিয়ে কমিশন সঠিক কাজই করেছে।ফলাফল নিয়ে দিলীপের গলায় উপচে পড়া আত্মবিশ্বাস। চার তারিখের আগেই তিনি জয়ের আগাম আভাস দিয়ে জানান, ‘যা হওয়ার হয়ে গেছে, শুধু ঘোষণা বাকি। এবারে বাংলায় সরকার গড়বে বিজেপি।’ এমনকি এজেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের ‘শর্তসাপেক্ষ সমর্থন’ প্রসঙ্গেও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। দিলীপের মতে, মাঝামাঝি অবস্থান নিয়ে রাজনীতি করার দিন ফুরিয়েছে। মানুষ এবার বিজেপিকেই পরিষ্কার ম্যান্ডেট দেবে। বিধাননগর কলেজের স্ট্রং রুমের সামনে অশান্তি ও তৃণমূলের এজেন্টদের অবস্থান নিয়েও পাল্টা খোঁচা দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, আগে বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হত, এখন তৃণমূল নিজেই রাস্তায় বসে অস্তিত্ব রক্ষার লড়াই করছে। কালীঘাটে তৃণমূলের সাম্প্রতিক বৈঠককেও তিনি পরাজয়ের গ্লানি ঢাকার চেষ্টা হিসেবেই দেখছেন। দিলীপের কটাক্ষ, ‘যে সতর্কতার বার্তা আমরা আগে দিতাম, এখন সেটাই ওরা দিচ্ছে। এতে বোঝা যাচ্ছে ওরা ভিতরে ভিতরে হেরে গেছে। কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে মাত্র!’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘২০০ পার’ দাবিকে নস্যাৎ করে দিয়ে তিনি বলেন, তৃণমূলের সংখ্যা ক্রমেই নিম্নমুখী। বিপরীতে এক্সিট পোল এবং জনসমর্থনের বিচারে বিজেপিই শেষ পর্যন্ত ২০০-র গণ্ডি পার করবে বলে তিনি আশাবাদী। সব মিলিয়ে, গণনার আগের সকালে দিলীপের এই তপ্ত মন্তব্য বঙ্গ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। এখন নজর আজ সোমবার ইভিএম খোলার দিকে। ফাইল ফটো
স্ট্রংরুমে ‘সন্দেহজনক’ গতিবিধি পাহারায় মমতা, অবস্থানে কুণাল-শশী