নয়া জামানা, মুর্শিদাবাদ : এসআইআর-এর নামে বৈধ ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হল এসইউসিআই (কমিউনিস্ট) জঙ্গিপুর সমন্বয় কমিটি। এবারের নির্বাচনে সকলের ভোটাধিকার নিশ্চিত করা এবং ২০২৫ সালের ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন করার দাবিতে বুধবার জঙ্গিপুর মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির সূচনা হয় রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ সভার মাধ্যমে। সেখানে দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, এস আই আর-এর নামে পরিকল্পিতভাবে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তাদের দাবি, এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা নিশ্চিত করতে হবে।এরপর রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি বিশাল মিছিল শহর পরিক্রমা করে জঙ্গিপুর এসডিও দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। মিছিল জুড়ে ছিল বিভিন্ন স্লোগান এবং প্রতিবাদী কণ্ঠস্বর। এসডিও দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন এসইউসিআই এর জেলা সদস্যরা। তারা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করা গণতন্ত্রের মূল ভিত্তি এবং কোনোভাবেই তা খর্ব হতে দেওয়া যাবে না। পাশাপাশি, তারা সতর্ক করেন যে দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।শেষে একটি ডেপুটেশন পেশ করা হয় এসডিও-র কাছে, যেখানে তাদের দাবি ও অভিযোগগুলি লিখিতভাবে জানানো হয়। পুরো কর্মসূচি জুড়ে ছিল ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ, যা এলাকায় রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
অবশেষে বিভ্রাট কাটল কমিশনের সাইটে, ‘বিবেচনাধীন’ জট থেকে মুক্তি ভোটারদের