নয়া জামানা, বীরভূম: ৯ই এপ্রিল, বৃহস্পতিবার সিউড়িতে নির্বাচনী জনসভায় উপস্থিত হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাঁর এই সফরকে ঘিরেই নতুন করে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্বভারতীর বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ পড়ুয়া – প্রাক্তনীদের একাংশ। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়া সত্ত্বেও সমাবর্তন অনুষ্ঠানে তিনি সময় দিতে না পারলেও নির্বাচনী জনসভায় অংশ নিতে পারছেন এটি হতাশাজনক। গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সমাবর্তন অনুষ্ঠানে তাঁর উপস্থিতির সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, রাজনৈতিক সভা ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের সমাবর্তনের প্রস্তুতি নেওয়াই আছে। প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন কি না, তা সম্পূর্ণভাবে তাঁর দপ্তরের উপর নির্ভর করছে। এই নিয়ে অসন্তোষের কোনও কারণ নেই।
বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন কবে হবে তা নিয়ে জল্পনা বাড়ছে। শেষবার ২০২৩ সালে অনুষ্ঠান হলেও দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় তা বন্ধ ছিল। নতুন উপাচার্য প্রবীরকুমার ঘোষ দায়িত্ব নেওয়ার পর আবার ধারাবাহিক সমাবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বার্ষিক সমাবর্তনের ঐতিহ্য থাকলেও মাঝে ব্যাঘাত ঘটেছে। বিশেষ করে ২০১৮ সালের সমাবর্তনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে।প্রশাসনিক অনিশ্চয়তায় সমাবর্তনের ধারা আবার থেমে যায়। চলতি বছরে ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। আম্রকুঞ্জে আয়োজনের পরিকল্পনাও ছিল। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও আগের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানোর কথা শোনা গেলেও মার্চ পেরিয়ে এখনও দিন ঘোষণা হয়নি। এরই মধ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার ফলে অনুষ্ঠান কবে হবে তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। আবার এই নির্বাচনী মরশুমেই প্রথমবার বীরভূম জেলায় পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি বিশ্বভারতীর আচার্য। এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেননি। তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বভারতী বিভিন্ন ছাত্র সংগঠন।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌমিক আচার্য বলেন, দেশের প্রধানমন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেও বহু বছর সমাবর্তনে আসেননি। কয়েক মাস আগে থেকেই তাঁর আসার কথা শোনা গেলেও তিনি আসেননি। আমাদের মনে হয়, ছাত্রছাত্রীদের প্রতিবাদের আশঙ্কাতেই তিনি আসছেন না। আগে বহু আচার্য এই সমাবর্তনে উপস্থিত থেকেছেন, কিন্তু বর্তমান আচার্য তথা নরেন্দ্র মোদীর কাছে নির্বাচনী প্রচারই বেশি গুরুত্ব পাচ্ছে। এসএফআই – এর পক্ষে সৌভিক দাস বক্সি বলেন, বিশ্বভারতীর ঐতিহ্যবাহী সমাবর্তনের ইতিহাস ও সংস্কৃতি এই আচার্য বোঝেন না। যদি বুঝতেন তাহলে এই বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে গুরুত্ব দিতেন। প্রতিবছর নিয়ম করে সমাবর্তনে কেন একটা দিনের জন্য উপস্থিত থাকতে পারেন না তিনি ? সমাবর্তন না হলে পড়ুয়াদের শংসাপত্র নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্র সুদীপ্ত ঘোষ, ঐশ্বর্য মুখার্জীরা বলেন, সমাবর্তনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো গুগল ফর্ম ফিলাপ করে উপস্থিতির কথা জানিয়েছিলাম। এপ্রিল মাস হয়ে গেল এই বছরে আর কবে হবে? আমাদের আচার্য যদি একদিন সমাবর্তন অনুষ্ঠানে আসতেন আমরা খুব খুশি হতাম।
৯ বছরের অবহেলা, আদালতের চাপে তড়িঘড়ি বিশ্বভারতীর বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ