নয়া জামানা ডেস্ক : মালদহের এসআইআর ইস্যুতে বিচারকদের হেনস্থার ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতির জনসভা থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, এই অশান্তি বাংলার সংস্কৃতি নয়। জনরোষের নেপথ্যে কংগ্রেস ও বিজেপির অশুভ আঁতাত কাজ করছে বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী মনে করেন, এই একটি ঘটনার জেরে গোটা রাজ্যের বদনাম হয়েছে। একইসঙ্গে তাঁর কড়া হুঁশিয়ারি, ‘যারা করেছে, তাদের একটাকেও যেন ছাড়া না হয়। সে যেই হোক।’ তিনি এই এদিন নিয়ে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘কংগ্রেসের অত্যাচারে এ সব গন্ডগোল হল।’
নির্বাচনের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা এখন তাঁর নিয়ন্ত্রণে নেই বলে ফের মনে করিয়ে দিয়েছেন মমতা। তাঁর নিশানায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা আমার হাতে নেই। ওটা কমিশন নিয়ে নিয়েছে। অমিত শাহ নিয়ে নিয়েছে।’ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে সমর্থন জানিয়ে মমতা জানান, মালদহের ঘটনায় প্রশাসনের কেউ তাঁকে আগে খবর দেয়নি। তবে বিচারকদের ওপর আক্রমণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাঁর কথায়, ‘বিচারকদের আক্রমণ করবেন না। কড়া ভাবে বলছি। আজ আপনাদের জন্য বাংলার বদনাম হবে!’
ভোটের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তাঁর অভিযোগ, এটি বিজেপির এক গভীর চক্রান্ত। শুধু মালদহ নয়, নিজের কেন্দ্র ভবানীপুরেও ৪০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘এসআইআর নিয়ে ক্ষোভ থাকা স্বাভাবিক। অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। সেটা বিজেপির পরিকল্পনা।’ যাদের নাম কাটা গিয়েছে, তাঁদের পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু ও হিন্দু মা-বোনেদের নাম বাদ দেওয়া হচ্ছে।
বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘অমিত শাহ-মোদীর দল গণতন্ত্রকে শেষ করে দেবে।’ কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা এবং সিবিআই-এনআইএ তদন্ত নিয়েও তোপ দাগেন তিনি। তাঁর দাবি, ভোট এলেই ইডি রেড শুরু হয়। বিজেপি ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করছে অভিযোগ করে তাঁর মন্তব্য, ‘বিজেপি টাকা দিচ্ছে। কিছু চক্রান্ত তাদের কথায়। এটা ভাবতে কষ্ট হয়।’ মমতা স্পষ্ট করে দেন, তিনি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নন। ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমাকে ভোট দিন বা না দিন, যায়-আসে না। আমি শান্তির পক্ষে। আমি হিংসার পক্ষে নই।’
বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর অঙ্গীকার করে মমতা ‘খেলা হবে’ স্লোগান দেন। তিনি বলেন, ‘অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না।’ কংগ্রেস ও সিপিএমের সঙ্গে বিজেপির গোপন আঁতাতকে ‘গদাই-মাধাই-জগাই’ বলে কটাক্ষ করেন তিনি। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে রাজ্যের সমস্ত কাঁচাবাড়ি পাকা করে দেবে তৃণমূল সরকার। তাঁর দাবি, শিক্ষা ও সংস্কৃতি রক্ষা করতে তৃণমূল ছাড়া বিকল্প নেই। পরিশেষে তাঁর হুঙ্কার, ‘ভাবছে গায়ের জোরে জিতবে, ঘেঁচু জিতবে!’ ফাইল ফটো।
কড়া বার্তা নবান্নের, ডিএ ধর্মঘটের দিন কাজে, না এলে কাটা যাবে বেতন