নয়া জামানা ৷৷ উত্তরবঙ্গ ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচন ২০২৬-এর দামামা বাজার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক ময়দানে ঝড় তুলতে প্রস্তুত বিজেপি। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে এবার উত্তরবঙ্গ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রথম নির্বাচনী সভার সূচিতে শেষ মুহূর্তে বড়সড় রদবদল ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল।
আগামী ৫ এপ্রিল আলিপুরদুয়ার-এ মোদির প্রথম সভা হওয়ার কথা থাকলেও তা আচমকাই বাতিল করা হয়েছে। পরিবর্তে ওই দিনই তিনি জনসভা করবেন কোচবিহার-এর ঐতিহ্যবাহী রাসমেলার মাঠে। কেন আলিপুরদুয়ারের সভা বাতিল হলো, সে বিষয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এই নীরবতাই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, গত ১৪ মার্চ ব্রিগেডের সভা থেকে রাজ্যে ‘পরিবর্তনের ডাক’ দিয়েছিলেন মোদি। তার পর থেকেই উত্তরবঙ্গকে পাখির চোখ করে সাজানো হচ্ছে বিজেপির প্রচার কৌশল। দলীয় সূত্রের খবর, কোচবিহারের সভার পাঁচ দিনের মধ্যেই ফের উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। ১০ এপ্রিল শিলিগুড়ি শহরে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এক বর্ণাঢ্য রোড শো করার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই গড় অটুট রাখতেই বিধানসভা ভোটের প্রচার শুরু হচ্ছে এই অঞ্চল থেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফার ভোটেই উত্তরবঙ্গের আসন থাকায় এখান থেকেই আগ্রাসী বার্তা দিতে চাইছে পদ্মশিবির।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ। তার আগে ৫ এপ্রিল কোচবিহারের রাসমেলার মাঠ থেকে মোদি কী বার্তা দেন, সেটাই এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।
ভাঙড় দখলের লড়াই তুঙ্গে, নওশাদের হুঁশিয়ারির জবাবে সওকাতের কড়া বার্তা!