কুশল রায় ৷৷ নয়া জামানা ৷৷ দার্জিলিং : দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে বিধানসভা ভোটের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিল অজয় এডওয়ার্ডের নবগঠিত রাজনৈতিক দল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। রবিবার উন্মুক্তি সেতুর নির্মাণ সংক্রান্ত একটি কর্মসূচিতে দলের সভাপতি অজয় এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে একাধিক বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।
অজয় এডওয়ার্ড জানান, তিনি নিজে দার্জিলিং বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি কার্শিয়াং আসনে বন্দনা রাই, কালিম্পংয়ে ভের্নন ব্রিট্টো লেপচা, শিলিগুড়িতে কৃষ্ণ আনন্দ সিং এবং মাটিগাড়া–নকশালবাড়ি আসনে নিমেশ সুনদাসকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্টের ব্যানারে নাগরাকাটা আসনে রণজিৎ খেস ও মালবাজার আসনে চন্দন লোহরাকে প্রার্থী করা হয়েছে। সব মিলিয়ে মোট ১০টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন অজয় এডওয়ার্ড।
উল্লেখ্য, এর আগে অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ইতিমধ্যেই তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, যাদের সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিও তিনটি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে দার্জিলিং আসনটি গোর্খা জনমুক্তি মোর্চা-র জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রাক্তন হামরো পার্টি প্রধান অজয় এডওয়ার্ড নিজের দল ভেঙে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট গঠন করেন। হামরো পার্টি, জিএনএলএফ ও তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা-কর্মী এই নতুন দলে যোগ দেন। এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে এই দল।
এর আগে দার্জিলিং পুরসভা নির্বাচনে হামরো পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন দখলের পর পুরসভায় ক্ষমতা হারাতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচন অজয় এডওয়ার্ডের নতুন দলের কাছে কার্যত ‘অ্যাসিড টেস্ট’।
গভীর রাতে বেআইনি কাজের অভিযোগ অরিজিৎ ও আমির খানের বিরুদ্ধে, ভাইরাল ভিডিও