নয়া জামানা, নদীয়া: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে অন্যান্য ভোটের মতন এবারেও সমস্ত বিডিওর তত্ত্বাবধানে বিভিন্ন ভোটকেন্দ্রে প্রশিক্ষণ শুরু হয়েছে ভোট কর্মীদের নিয়ে। নদীয়ার রানাঘাট দেবনাথ স্কুলে শুক্রবার এইরকমই এক প্রশিক্ষণ শিবিরে গিয়ে সৈকত দাস নামে ভোটের ট্রেনিং নিতে আসা এক ব্যক্তি রক্তাক্ত হন। এই বিষয়ে তার দাবি, প্রশিক্ষণ শিবিরের জয়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলছিল। তিনি প্রথমে প্রতিবাদ করেন এবং তার সাথে সহমত পোষণ করেন বেশ কিছু ভোট কর্মীও। কিন্তু স্থানীয় বিডিও অফিসের কিছু কর্মচারী তাকে মৃত্যু হুমকি দেয় এবং বেধড়ক মারধর করে প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যেই। এই ঘটনা প্রসঙ্গে বিডিওকে জানিয়েও লাভ হয়নি তাই, রক্তাক্ত সেই ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন। এই ব্যাপারে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের প্রশাসনিক সমস্ত কর্মচারীরা ,সেটা পুলিশ প্রশাসন হোক বা যে কোন দপ্তরের সবাই গুন্ডারাজ চালাচ্ছে। প্রশিক্ষণরত কোনো ভোটকর্মী যদি ন্যায়-অন্যায়ের প্রতিবাদ করতে যায় তখন তাকে এই ভাবেই আক্রান্ত করা হচ্ছে।