সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: বীরভূমের সাঁইথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামসুন্দর সাহা দীর্ঘদিন ধরেই নিজস্ব উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। প্রতিদিন নিজের কর্মব্যস্ততার ফাঁকেই তিনি বিভিন্ন রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও মন্দির চত্বরে গিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন, কখনও তারও বেশি দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেন। রামপুরহাট থেকে বর্ধমান পর্যন্ত বিভিন্ন স্টেশন এলাকায় ঘুরে এই মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।অত্যন্ত সাধারণ পরিবারে বেড়ে ওঠা শ্যামসুন্দর সাহা জানান, ছোটবেলার অভাব-অনটনের অভিজ্ঞতাই তাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। তাঁর কথায়, তিনি চান না অন্য কেউ সেই কষ্টের মধ্যে দিয়ে যাক। এই উদ্যোগে তাঁর সবচেয়ে বড় সহযাত্রী তাঁর মেয়ে, যিনি প্রতিদিন বাবার সঙ্গে বেরিয়ে পড়েন অসহায় মানুষের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে। পাশাপাশি তাঁর স্ত্রীও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বৃহস্পতিবারও একইভাবে তিনি ও তাঁর কন্যা সাঁইথিয়া স্টেশন চত্বরে পৌঁছে প্রায় ২০-২৫ জন দুস্থ মানুষের মধ্যে পুরি, আলুর দম ও মিষ্টি বিতরণ করেন। খাবার পেয়ে খুশি হন উপস্থিত মানুষজন এবং তাঁকে ধন্যবাদ জানান।শ্যামসুন্দর সাহা বলেন, যেদিন তিনি এই কাজ করতে পারেন না, সেদিন তাঁর মন খারাপ হয়ে যায়। স্থানীয় অনেক মানুষও তাঁর এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন।নিজের সামর্থ্যের মধ্যে থেকে প্রতিদিন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নজর কেড়েছে।