নয়া জামানা ডেস্ক : বিধানসভা নির্বাচনের দামামা আর আইপিএলের উন্মাদনা— ছাব্বিশের গরমে জোড়া উত্তাপ পেতে চলেছে দেশ। বৃহস্পতিবার আইপিএলের গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ব্যাট-বলের এই মেগা যুদ্ধ। প্রথম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজ়ার্স হায়দরাবাদ। যদিও এবার কোনো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না বলে বোর্ড আগেই সাফ জানিয়ে দিয়েছে। ২৪ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত মোট ৭০টি লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভোটপ্রক্রিয়ার কথা মাথায় রেখেই চূড়ান্ত সূচি সাজিয়েছে বিসিসিআই। বিশেষ করে বাংলার ভোটপর্বের কারণে ১৯ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্সে কোনো ম্যাচ রাখা হয়নি। অর্থাৎ ভোট মিটলেই তিলোত্তমায় ফিরবে আইপিএলের উন্মাদনা। কেকেআরের যাত্রা শুরু হচ্ছে ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়েতে। এরপরই ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ খেলবেন অজিঙ্ক রাহানেরা। ২ এপ্রিল হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস এবং ৯ এপ্রিল লখনউয়ের বিরুদ্ধে ইডেনে নামবে কলকাতা। সূচি অনুযায়ী, মে মাসের শেষ দিকে ঘরের মাঠে বড় ম্যাচগুলো খেলতে পারবে কেকেআর। ১৬ মে গুজরাত টাইটান্স, ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে গ্রুপ পর্ব শেষ করবে বেগুনি-সোনালি শিবির। কেকেআরের মোট ১৪টি ম্যাচের মধ্যে ১২টি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। তবে ১৯ এপ্রিল রাজস্থান এবং ৩ মে হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই হবে দুপুর সাড়ে ৩টেয়। পুরো টুর্নামেন্টে মোট ১২ দিন রয়েছে ‘ডাবল হেডার’ বা জোড়া ম্যাচ। দেশের মোট ১৩টি শহরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। কলকাতা, মুম্বই, চেন্নাই ছাড়াও ধর্মশালা, গুয়াহাটি ও রাইপুরের মাঠেও বল গড়াবে। তবে বেঙ্গালুরু, রাজস্থান ও পঞ্জাব একাধিক মাঠে হোম ম্যাচ খেললেও কলকাতার ঘরের মাঠ থাকছে শুধুই ইডেন। ‘ইডেনে কেকেআরের ম্যাচ— ২ এপ্রিল— সানরাইজার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল— পঞ্জাব কিংস, ৯ এপ্রিল— লখনউ সুপার জায়ান্টস, ১৯ এপ্রিল— রাজস্থান রয়্যালস, ১৬ মে— গুজরাত টাইটান্স, ২০ মে— মুম্বই ইন্ডিয়ান্স, ২৪ মে— দিল্লি ক্যাপিটালস’— বিসিসিআই প্রকাশিত এই নির্ঘণ্ট ঘিরেই এখন প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। বিধানসভা নির্বাচনের জেরে সূচিতে যে রদবদল হয়েছে, তাতে গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবেন শ্রেয়স আইয়াররা। ফাইল ফটো।
উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি প্রদর্শন, ২৪শে মার্চ তিন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভা