অশোক মিত্র ৷৷ নয়া জামানা ৷৷ ধূপগুড়ি: বিধানসভা নির্বাচনের আগে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ চরমে। উপনির্বাচনে জয়ী হওয়া এই আসনটি ধরে রাখতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ধূপগুড়ির ঠাকুরপাট এলাকার ফোনির মাঠে তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। তাঁর বক্তব্যে উঠে আসে রাস্তা, পানীয় জল, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং বয়স্কদের বার্ধক্য ভাতার প্রসঙ্গ। তিনি আশ্বাস দেন, বার্ধক্য ভাতার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসে ধূপগুড়ি পৌরসভা ভোট নিয়ে। দীর্ঘদিন ধরে পুরভোট না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ জমেছে, তা স্বীকার করে অভিষেক ইঙ্গিত দেন—নির্মল চন্দ্র রায় জয়ী হলে আগামী ছয় মাসের মধ্যেই ধূপগুড়ি পৌরসভার ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণা নির্বাচনী লড়াইয়ে তৃণমূলকে বাড়তি সুবিধা দিতে পারে, বিশেষ করে যখন বিজেপি তাদের হারানো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে।
বক্তব্যের শেষভাগে ভোটারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, তৃণমূলকে জেতালে আপনি পাবেন, আর বিজেপি জিতলে আপনি খোয়াবেন। এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
তবে সভা শেষে ধূপগুড়ির একাংশ বাসিন্দার মধ্যে কিছুটা মনক্ষুণ্ণতাও লক্ষ্য করা গেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের অন্যতম জ্বলন্ত সমস্যা ডাম্পিং গ্রাউন্ড ও যত্রতত্র আবর্জনার স্তূপ নিয়ে এদিন অভিষেক কোনও স্পষ্ট বক্তব্য রাখেননি। দূষণ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন কোনও প্রকল্পের ঘোষণা না আসায় অনেকেই আশাহত।
সব মিলিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হাইভোল্টেজ সভা ধূপগুড়ির নির্বাচনী লড়াইয়ে উত্তাপ বাড়ালেও, স্থানীয় সমস্যাগুলির সমাধান না হওয়ায় এর প্রভাব ভোটের বাক্সে কতটা পড়বে, এখন সেটাই দেখার।
নাবালক, গৃহবধূদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ , বর্ধমানে উদ্বেগ স্বাস্থ্য দপ্তরের