নয়া জামানা ডেস্ক : বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জাতীয় রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিলেন কংগ্রেসের বহিষ্কৃত নেতা মণিশঙ্কর আইয়ার। তাঁর মতে, বিরোধী ইন্ডিয়া জোটের ব্যাটন রাহুল গান্ধীর বদলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মতো আঞ্চলিক নেতাদের হাতে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আইয়ারের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গ তথা জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।শতাব্দী প্রাচীন দলের প্রাক্তন এই নেতার দাবি, মমতা ব্যানার্জিই বিরোধী জোটের প্রধান নেত্রী। তাঁকে ছাড়া এই জোটের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে তিনি মনে করেন। আইয়ার বলেন, মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁর সঙ্গে স্ট্যালিন, অখিলেশ যাদব বা তেজস্বী যাদবরা রয়েছেন, যাঁরা এই পদের যোগ্য। তাঁর পরামর্শ, রাহুল গান্ধীর উচিত নিজে নেতৃত্ব দেওয়ার জেদ ত্যাগ করে অভিজ্ঞ আঞ্চলিক নেতাদের সামনে এগিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতার দীর্ঘ অভিজ্ঞতাই জোটের সাফল্যের চাবিকাঠি হতে পারে বলে তাঁর ইঙ্গিত।আইয়ারের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রদেশ কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী কটাক্ষ করে বলেন, মণিশঙ্কর আইয়ার অনেকদিন ধরেই দলের সাথে যুক্ত নন। সামনেই বাংলার পাঁচটি রাজ্যসভা আসন খালি হচ্ছে। আইয়ারের এমন মন্তব্যের পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে, এটি আইয়ারের একান্তই ব্যক্তিগত মত।অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিষয়টিকে ইতিবাচক কিন্তু সতর্কভাবে দেখছে। দলের নেতা কুণাল ঘোষ বলেন, মণিশঙ্কর আইয়ার একজন অত্যন্ত প্রবীণ নেতা। দেশ দেখছে বিজেপিকে রুখতে মমতার ভূমিকা ঠিক কী।তবে এখনই জোটের নেতৃত্ব নিয়ে বিতর্কে না গিয়ে কুণালের সংযোজন, আমাদের প্রধান লক্ষ্য বাংলার নির্বাচনে বিজেপিকে পরাজিত করে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জির সরকার গঠন নিশ্চিত করা।এককালে মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য বহিষ্কৃত হওয়া আইয়ার ইদানীং কংগ্রেসের সমালোচনায় এবং অবিজেপি আঞ্চলিক দলগুলোর প্রশংসায় পঞ্চমুখ। কেরলের পিনারাই বিজয়নের পর এবার মমতা ব্যানার্জিকে নিয়ে তাঁর এই সমর্থন বিরোধী ঐক্যের সমীকরণকে আরও জটিল করে তুলছে?
আরও পড়ুন-
ভোটের আগে ফের ফাটল আলিমুদ্দিনে, সেলিমকে চিঠি দিয়ে ইস্তফা প্রতীকের