নয়া জামানা ডেস্ক : সপ্তাহের শুরুতেই ফের বোমাতঙ্কে কেঁপে উঠল রাজধানী। সোমবার সকালে দিল্লির দু’টি নামী স্কুলে বোমা থাকার হুমকি ইমেল আসায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি স্কুল খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। বারবার এই ধরণের ঘটনায় দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।এদিন সকালে দিল্লির আর্মি পাবলিক স্কুল এবং এয়ার ফোর্স বাল ভারতী স্কুল কর্তৃপক্ষের কাছে হুমকি ইমেল পৌঁছায়। বার্তায় দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক লুকানো রয়েছে। খবর পাওয়ামাত্রই পুলিশে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ, বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ডগ স্কোয়াড। নিরাপত্তার স্বার্থে পড়ুয়া ও শিক্ষক-কর্মীদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকা কর্ডন করে চলে নিবিড় তল্লাশি।এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত চত্বর খালি করা হয়েছে। এখন পর্যন্ত তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি।তবে কে বা কারা এই ইমেল পাঠাল, তা জানতে সাইবার সেলকে তদন্তে যুক্ত করা হয়েছে। প্রাথমিক অনুমান, আতঙ্ক ছড়াতেই এই ভুয়ো হুমকি দেওয়া হয়েছে।রাজধানীতে এই ঘটনা নতুন নয়। মাত্র কয়েকদিন আগেই দিল্লির ১৩টি স্কুলে একই কায়দায় হুমকি ইমেল পাঠানো হয়েছিল। বারবার এই ধরণের ‘হক্স কল’ বা ভুয়ো ইমেল আসায় অভিভাবক ও স্কুল মহলে বাড়ছে উদ্বেগ। পুলিশ তল্লাশি চালালেও এখনও পর্যন্ত এই অপরাধের মূলে পৌঁছাতে পারেনি তারা। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা এখনও কুয়াশাচ্ছন্ন।
আরও পড়ুন-