নয়া জামানা ,জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ধর্মপ্রাণ মানুষের কাছে জল্পেশ মেলা শুধু একটি মেলা নয়, এটি বহু বছরের আস্থা, ভক্তি ও পারিবারিক মিলনমেলার নাম। শিবরাত্রি উপলক্ষে আয়োজিত এই উৎসবে প্রতিবছর দূরদূরান্ত থেকে কয়েক লক্ষ মানুষ ভিড় জমান। কিন্তু চলতি বছরে সেই ঐতিহ্যবাহী মেলাকেই ঘিরে উঠেছে বিতর্ক। মেলায় আসা একাধিক পুণ্যার্থীর অভিযোগ, চিত্রাহার নামে কিছু মঞ্চে অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে। অভিযোগ আরও, নির্দিষ্ট ওই অনুষ্ঠানগুলির জন্য চড়া মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে এবং মূলত যুব সমাজকে লক্ষ্য করেই এই আয়োজন। এমনকি কিছু ক্ষেত্রে মঞ্চের পর্দা সরিয়ে দেওয়ায় সাধারণ দর্শনার্থীরাও অনিচ্ছাকৃতভাবে সেই দৃশ্যের মুখোমুখি হচ্ছেন। সপরিবারে মেলায় ঘুরতে এসে অনেকেই বিব্রত হয়েছেন বলে জানান। এক প্রবীণ ভক্তের কথায়,এই মেলা একসময় ছিল পারিবারিক আনন্দের জায়গা। পুতুল নাচ, যাত্রা বা সার্কাস দেখতাম সবাই মিলে। এখন যা হচ্ছে, তা মেলার পরিবেশের সঙ্গে একেবারেই বেমানান। তাঁর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। ঘটনাটি জানানো হয়েছে ময়নাগুড়ি থানা-কে। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো পদক্ষেপের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে ময়নাগুড়ি ব্লক উন্নয়ন দফতর-এর বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জেলা পরিষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, মেলা কমিটির সদস্য সমীরণ চক্রবর্তী বলেন,অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি কোথাও অনভিপ্রেত কিছু ঘটে থাকে, তা হলে মেলা কমিটি ও প্রশাসন একযোগে ব্যবস্থা নেবে।ঐতিহ্যের আবহে পরিচিত এই ধর্মীয় উৎসবকে ঘিরে ওঠা এমন অভিযোগে সাধারণ মানুষের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, বহু বছরের সংস্কৃতি ও মর্যাদা বজায় রাখতে দায়িত্বশীল পদক্ষেপ এখন সময়ের দাবি।
আরও পড়ুন-
জল্পেশ মেলায় ঐতিহ্যবাহী বনভোজন, বংশপরম্পরায় রাত্রিযাপনে রাজবংশী সমাজ