নয়া জামানা: গ্রুপ পর্বে টানা জয়ে আত্মবিশ্বাসে টগবগ করছিল টিম ইন্ডিয়া। কিন্তু সুপার এইটের মঞ্চে শক্ত প্রতিপক্ষের সামনে পড়তেই ভেঙে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় হার মানতে হল ভারতকে। এর ফলে টানা ১২ ম্যাচ জয়ের ধারাও থেমে গেল।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কর্যাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। টস হেরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, তিনিও আগে ব্যাট করতে চেয়েছিলেন। তবে ম্যাচে স্পষ্ট বোঝা যায়, টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ২০ রানে তিন উইকেট হারায় তারা। কিন্তু এরপর পাল্টা আক্রমণ শুরু করেন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। এই দুই ব্যাটার মিলে ৫০ বলে ৯৭ রানের জুটি গড়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। ব্রেভিস করেন ৪৫ রান, মিলার ৬৩ এবং ত্রিস্তান স্টাবস যোগ করেন ৪৪ রান। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৮৭।
ভারতের হয়ে একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স আসে জশপ্রীত বুমরার হাত থেকে। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। অর্শদীপ সিং নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান বরুণ চক্রবর্তী ও শিমব দুবে। তবে ওয়াশিংটন সুন্দর প্রত্যাশা পূরণ করতে পারেননি।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাই ছিল হতাশাজনক। ইনিংসের শুরুতেই ফিরে যান ঈশান কিষান। তিলক বর্মা করেন মাত্র ১ রান। অভিষেক শর্মা ১৫ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও তা বড় ইনিংসে রূপ নিতে পারেনি। ওয়াশিংটন সুন্দরকে উপরে তুলে আক্রমণাত্মক খেলানোর চেষ্টা করেন কোচ গৌতম গম্ভীর, কিন্তু তিনিও ব্যর্থ হন। সূর্যকুমার যাদব ২২ বলে ১৮ রান করেন। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার মেনে মাঠ ছাড়তে হয় ভারতকে।
আরও পড়ুন-