শুভজিৎ দাস, নয়া জামানা, আমতলা: রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে আমতলায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বাম নেতা প্রতিকুর রহমান। শনিবার বিকেলে আমতলার তৃণমূল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে দলে স্বাগত জানান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী । তাঁর হাত থেকেই দলীয় পতাকা গ্রহণ করেন প্রতিকুর রহমান।
ডায়মন্ড হারবার সাংগঠনিক বৈঠক শেষে এই যোগদান অনুষ্ঠান হয়। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিকুর রহমান একসময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তাঁর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী ছিলেন। তিনি জানান, তরুণ প্রজন্মের সক্রিয় ও মাঠে কাজ করা নেতাদের মধ্যে প্রতিকুর অন্যতম। শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে থেকে কাজ করার জন্য তিনি প্রতিকুরকে স্বাগত জানান।
প্রতিকুর রহমানের বাড়ি বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবার এলাকায় বাম রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এক তরুণ নেতার তৃণমূলে যোগদান রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্থানীয় সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে এই ঘটনা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যোগদানের পর প্রতিকুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই করছে তৃণমূল কংগ্রেস। বাংলার সংস্কৃতি ও সম্মান রক্ষায় তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
এই যোগদানের ফলে ডায়মন্ড হারবার ও আশেপাশের এলাকায় রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে। আগামী দিনে প্রতিকুর রহমানকে কী দায়িত্ব দেওয়া হয়, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-
মোদি বিরোধী মুখ মমতাই সেরা, সঞ্জয় বারুর নিবন্ধে শোরগোল জাতীয় রাজনীতিতে