ভরত বেরা, নয়া জামানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল এলাকায় তৃণমূল কংগ্রেসের ডাকা পদযাত্রা ও জনসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়াল। সভায় উপস্থিত হয়ে দলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এসআইআর-এর বিরোধিতা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধি এবং যুবসাথী প্রকল্পে ভাতা চালুর দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি-সহ জেলা নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক। এলাকায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
সম্প্রতি বিজেপিতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির যোগদান প্রসঙ্গে কটাক্ষ করে কুনাল ঘোষ বলেন, সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী ব্যক্তিদের ওই দলে যাওয়া অস্বাভাবিক নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের জবাবে তিনি দাবি করেন, এ ধরনের অভিযোগ সত্য হলে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির ‘পরিবর্তন রথ’ কর্মসূচিকেও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। কুনাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নমূলক কাজেই আস্থা রাখছেন বাংলার মানুষ। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে তিনি অভিযোগ করেন, ভোটের আগেই অযথা চাপ তৈরির চেষ্টা চলছে।
চাকরিপ্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, যোগ্যরা চাকরি পাবেনই এবং অপেক্ষমাণদের জন্য সরকার আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। সভা ঘিরে কর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতির বার্তাও স্পষ্ট।
আরও পড়ুন-