শুভজিৎ দাস, নয়া জামানা, সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গায়িকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী-কে ঘিরে। স্বামী প্রবাহ নন্দী এবং তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন তিনি। গত জানুয়ারি মাসে সোনারপুর থানা-তে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
দেবলীনার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। প্রথমদিকে বিষয়টি পারিবারিকভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অশান্তি ও চাপ ক্রমশ বাড়তে থাকে বলে অভিযোগ। জানুয়ারি মাসে একটি আত্মহানির চেষ্টার ঘটনার পর বিষয়টি সামনে আসে। এরপরই তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নোটিস পাওয়ার পর প্রবাহ নন্দী তাঁর মা-বাবাকে নিয়ে থানায় হাজিরা দেন এবং তদন্তে সহযোগিতা করছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তকারীরা অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখছেন। মামলাটি এখনও আদালতে ওঠেনি, তবে প্রাথমিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, বিয়ের সময় ‘স্ত্রীধন’ হিসেবে পাওয়া সোনার গয়না, নগদ অর্থ ও কিছু আসবাবপত্র পুলিশি সহায়তায় প্রবাহের বাড়ি থেকে উদ্ধার করে ফেরত পেয়েছেন দেবলীনা। বর্তমানে স্বামী-স্ত্রী আলাদা থাকছেন। পাশাপাশি খোরপোশের দাবিতে আইনি আবেদনও করেছেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে সংগীত মহল ও অনুরাগীদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় পুলিশ এখনই কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন-
সুপ্রিম কোর্টে ঝুলে রইল আইপ্যাক মামলা, আইনজীবীর অসুস্থতায় ফের পিছোল দিন