নয়া জামানা: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত। শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়াম-এ অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ৬১ রানের জয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করল টিম ইন্ডিয়া। সকাল থেকেই ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত পুরো ২০ ওভারের খেলাই সম্পন্ন হয়।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ওপেনার অভিষেক শর্মা দ্রুত আউট হয়ে ফেরেন। তবে এরপরই ইনিংসের হাল ধরেন ঈশান কিষান। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন ঈশান, যা ভারতের বড় স্কোর গড়ার ভিত তৈরি করে দেয়।
মাঝের দিকে তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ রান যোগ করেন। পাকিস্তানের পক্ষে সাইম আয়ুব ও উসমান তারিক নিয়মিত বিরতিতে উইকেট তুললেও ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে।
১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই উইকেট হারায় তারা। এরপর বল হাতে আগুন ঝরান জশপ্রীত বুমরা। এক ওভারেই জোড়া উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। অধিনায়ক বাবর আজম বড় রান করতে ব্যর্থ হন।
এরপর অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী-র ঘূর্ণিতে একের পর এক উইকেট পড়তে থাকে। মাঝেমধ্যে উসমান খান লড়াইয়ের চেষ্টা করলেও দলকে জয়ের পথে এগিয়ে নিতে পারেননি। মাত্র ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
৬১ রানের দাপুটে জয়ে টানা তিন ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে উঠে সুপার এইটে জায়গা পাকা করল ভারত। এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সমর্থকরা।
আরও পড়ুন-