নয়া জামানা,কলকাতা : প্রেম সদাসর্বদাই সুন্দরের পূজারি। আর সেই সুন্দরের আবাহন জানিয়েই ভালোবাসা দিবসে এক অনন্য নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিশেষ উৎসবে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানো তাঁর দীর্ঘদিনের রীতি হলেও, ভ্যালেন্টাইনস ডে বা প্রেমদিবসে এমন বার্তা এই প্রথম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) রবীন্দ্রনাথের কবিতার চরণে প্রেমের চিরন্তন রূপকে ফুটিয়ে তুলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।রবীন্দ্রস্মরণে প্রেমের আবহ বাঙালি জীবনে প্রেম আর রবীন্দ্রনাথ অবিচ্ছেদ্য। সেই আবেগকে ছুঁয়ে মুখ্যমন্ত্রী তাঁর পোস্টের শুরুতেই উদ্ধৃত করেন কবির অমর সৃষ্টি- “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার / জনমে জনমে যুগে যুগে অনিবার।”
রবীন্দ্রনাথের এই পঙ্ক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রেমের কোনও নির্দিষ্ট কাল বা সীমা নেই তা জন্মান্তরের এবং চিরকালীন।শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক প্রণয় নয়, মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় ভালোবাসাকে এক বৃহত্তর জগতের প্রেক্ষিতে তুলে ধরেছেন। তাঁর মতে, প্রেমের ব্যাপ্তি গোটা বিশ্বজুড়ে এবং এর চেয়ে সুন্দর অনুভূতি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। রাজনৈতিক বা সামাজিক বিভেদের ঊর্ধ্বে উঠে ভালোবাসাই যে সম্প্রীতির মূল ভিত্তি, তাঁর লেখনীতে সেই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। পোস্টের শেষে তিনি দৃঢ়ভাবে লিখেছেন, ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’সাধারণত প্রশাসনিক বা রাজনৈতিক বার্তা দিলেও, আজকের দিনে মুখ্যমন্ত্রীর এই সংবেদনশীল পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। উৎসব-পার্বণের শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সপ্রতিভ, তবে প্রেমদিবসের এই বিশেষ শুভেচ্ছাবার্তা তাঁর মানবিক ও সাংস্কৃতিক সত্তাকেই নতুন করে তুলে ধরল। বসন্তের এই আবহে মুখ্যমন্ত্রীর এমন বার্তা রাজ্যবাসীর কাছে এক বাড়তি পাওনা।
আরও পড়ুন-