ব্রেকিং
  • Home /
  • খেলা /
  • ‘দেশ বিক্রি’র তোপে বিদ্ধ বিজেপি, রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি

‘দেশ বিক্রি’র তোপে বিদ্ধ বিজেপি, রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি

নয়া জামানা ডেস্ক : সংসদে দাঁড়িয়ে ভারতকে ‘বিক্রি’ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। সেই আক্রমণের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার পাল্টা প্রত্যাঘাত হানল বিজেপি। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার বিরোধী দলনেতার সদস্যপদ বাতিলের দাবিতে সরব হয়েছেন। শুধু....

‘দেশ বিক্রি’র তোপে বিদ্ধ বিজেপি, রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি

নয়া জামানা ডেস্ক : সংসদে দাঁড়িয়ে ভারতকে ‘বিক্রি’ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। সেই আক্রমণের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : সংসদে দাঁড়িয়ে ভারতকে ‘বিক্রি’ করে দেওয়ার অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। সেই আক্রমণের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার পাল্টা প্রত্যাঘাত হানল বিজেপি। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার বিরোধী দলনেতার সদস্যপদ বাতিলের দাবিতে সরব হয়েছেন। শুধু সাংসদ পদ কেড়ে নেওয়াই নয়, রাহুল যাতে ভবিষ্যতে আর কখনও নির্বাচনে লড়তে না পারেন, সেই দাবিও তুলেছেন তিনি। বৃহস্পতিবার লোকসভায় রাহুলের বিরুদ্ধে একটি ‘সাবস্ট্যান্টিভ মোশন’ বা সারগর্ভ প্রস্তাব জমা দিয়েছেন নিশিকান্ত। তাঁর অভিযোগ, বিদেশের ভারত-বিরোধী শক্তিদের সঙ্গে হাত মিলিয়ে সংসদকে বিভ্রান্ত করছেন রাহুল।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই চাঞ্চল্যকর পদক্ষেপের নেপথ্যে রয়েছে বুধবার সংসদে রাহুলের ঝাঁজালো ভাষণ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে মোদী সরকারকে তুলোধনা করেছিলেন রাহুল। তিনি দাবি করেছিলেন, ‘আপনারা ভারতকে বেচে দিয়েছেন, আপনাদের লজ্জা হয় না? আপনারা আমাদের মা, ভারত মাতাকে বিক্রি করেছেন। আপনারা আমেরিকার কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করেছেন।’ রাহুলের অভিযোগ ছিল, ভারতের জ্বালানি নিরাপত্তা এখন আমেরিকার হাতে এবং সরকার কৃষকদের স্বার্থ বিকিয়ে দিয়েছে। রাহুল আরও বলেন, ‘যদি ইন্ডিয়া জোট সরকার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করত, তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে বলত, ভারতকে সমান মর্যাদা দিতে হবে।’

রাহুলের এই মন্তব্য ঘিরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে সংসদ। বিজেপি সাংসদদের দাবি, বিরোধী দলনেতা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দেশবিরোধী কথা বলছেন। এরপরই আসরে নামেন নিশিকান্ত দুবে, যিনি এর আগে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের ক্ষেত্রেও অন্যতম কারিগর ছিলেন। নিশিকান্তের দাবি, রাহুলের এই আচরণ ক্ষমার অযোগ্য। তিনি বলেন, ‘আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সোরসের মতো দেশবিরোধী শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি। সবটাই দেশের ক্ষতিসাধনের উদ্দেশে।’

নিশিকান্ত দুবের অভিযোগের তির রাহুলের বিদেশ সফরের দিকেও। তাঁর দাবি, সোরস ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন এবং ইউএসএআইডি-র মতো সংস্থার সঙ্গে রাহুলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বিজেপি সাংসদের মতে, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং আমেরিকায় ঘুরে রাহুল ভারত-বিরোধী শিবিরের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তিনি সাফ জানিয়েছেন, এটি কোনো সাধারণ স্বাধিকার ভঙ্গের নোটিশ নয়, বরং রাহুলের সদস্যপদ চিরতরে বাতিলের একটি সরাসরি প্রস্তাব। সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও আগে স্বাধিকার ভঙ্গের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু নিশিকান্ত সরাসরি সদস্যপদ কেড়ে নেওয়ার দাবিতেই অনড়।

অন্যদিকে, এই গোটা ঘটনা নিয়ে রাহুল গান্ধী নিজে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নন। এদিন সংসদে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। বিজেপির আনা নোটিশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা সাংবাদিকদেরই আক্রমণ করেন। রাহুল ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আপনাদের সবাইকে তো আর বিজেপি নিয়োগ করেনি? এটা অত্যন্ত লজ্জার। আপনারা সাংবাদিক। আপনাদের দায়িত্ব বোধ আছে। ওরা একটা কোনও শব্দ বলল আর আপনারা সেটা নিয়ে হইচই শুরু করে দিলেন! আপনাদের পুরো শো’টা ওই শব্দটাকে কেন্দ্র করে চালিয়ে যাবেন। আপনারা দেশের প্রতি অবিচার করছেন, নয় কি?’ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি সরাসরি কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমের ভূমিকাকে কড়া ভাষায় বিঁধেছেন।

বাজেট অধিবেশনের শুরু থেকেই প্রাক্তন সেনাপ্রধান জেনারেল নারাভানের অপ্রকাশিত আত্মজীবনী এবং সীমান্ত সুরক্ষা ইস্যুতে কেন্দ্রকে চেপে ধরেছেন রাহুল। কিন্তু বাণিজ্য চুক্তি নিয়ে তাঁর সরাসরি ‘দেশ বিক্রির’ অভিযোগ যেন বারুদে অগ্নিসংযোগ করেছে। এখন দেখার, নিশিকান্ত দুবের এই প্রস্তাবের ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপ করেন কি না। অতীতে একবার অপরাধমূলক মানহানি মামলায় পদ হারিয়ে আবার ফিরে পেয়েছেন রাহুল। এবার বিদেশের ‘দেশবিরোধী’ শক্তির যোগসাজশের অভিযোগে তাঁর সংসদীয় ভবিষ্যৎ ফের আদালতের দোরগোড়ায় পৌঁছায় কি না, তা নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-

সাংসদ নির্বাচনে বাংলাদেশের হাতিয়ায় বিচ্ছিন্ন সহিংসতা, আক্রান্ত হল সাংবাদিক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর